
টাঙ্গাইল: টাঙ্গাইলে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। ১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত ৪১ দিনে ৫ হাজার ১৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া এই সময়ে করোনায় মারা গেছেন ৭৮ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫২১ জনের নমুনা পরীক্ষায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৩ দশমিক ৭৮ শতাংশ। করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।
রোববার (১১ জুলাই) সকাল ১১ টায় টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২২৭ জন। আর জুলাই মাসের ১ থেকে ১১ তারিখ পর্যন্ত ১১ দিনে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫২০ জন। এই ১১ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৪ জন, উপসর্গ নিয়ে ৪১ জন মোট ৮৫ জনের মৃত্যু হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব বলেন, বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ৭৪ ও উপসর্গ নিয়ে ৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের দিনের চেয়ে আজ (রোববার) রোগীর সংখ্যা বেশি।
সিভিল সার্জন জানান, করোনায় সর্বশেষ মারা যাওয়া ৬ জনের মধ্যে রয়েছেন সদর উপজেলায় দুইজন ও সখীপুর উপজেলায় একজন। বাকি তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
প্রসঙ্গত, গত বছরের ৮ এপ্রিল জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সদর উপজেলা, মির্জাপুর ও কালিহাতীতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে বাসাইল উপজেলায়।