
চট্টগ্রাম: চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে বঙ্গোপসাগরে হাতিয়ার ভাষানচর দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল দূরে লোহার পাইপ বোঝাই একটি জাহাড ডুবে গেছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে এমভি হ্যাং গ্যাং-১ নামের জাহাজটি ডুবে যায়। তবে এই জাহাজডুবিতে হতাহত হয়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক সেলিম উদ্দিন জাহাজ ডুবির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে লোহার পাইপ বোঝাই করে এমভি হ্যাং গ্যাং-০১ নামের জাহাজটি ঢাকায় যাচ্ছিল। পথে পূর্বে ডুবে যাওয়া একটি জাহাজের সঙ্গে হ্যাং গ্যাং জাহাজের তলদেশ লেগে এটির তলা ফেটে যায়।
গত শনিবার (১০ জুলাই) এই স্থানে এমভি ফুলতলা নামে একটি জাহাজ ডুবে যায়। সেই স্থান বয়া দিয়ে চিহ্নিত করে রাখলেও এমভি হ্যাং গ্যাং ওই স্থান অতিক্রম করার সময় দুর্ঘটনার কবলে পরে ডুবে যায়।
বিআইডব্লিউটিএ’র কর্তৃপক্ষ জানায়, জাহাজের কিছু অংশ এখনও ভেসে থাকায় এতে হতাহত হয়নি। জাহাজে থাকা সকল নাবিক ও শ্রমিককে উদ্ধার করা হয়েছে।