
ঢাকা: রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে ফুল দিতে গিয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তেজগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান (টগর) (৪৬) ও আবুল কালাম (৬২) নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১০টার পর সংঘর্ষ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের। জবাবে টিয়ারশেল ছুড়ে পুলিশ।
বিএনপি কর্মী ফারুক হোসেন জানান, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যায়। বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে শহীদ জিয়ার কবর জিয়ারত করতে এলে পুলিশ এতে বাধা দেয়। পরে পুলিশ হঠাৎ রাবার বুলেট ও গুলি ছুড়ে নেতাকর্মীদের ওপর। গুলিতে কয়েকজন আহত হয়। পরে আমরা গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেলে নিয়ে এসে জরুরি বিভাগে ভর্তি করি। তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে দুইজন ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে এসেছে। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে দুইজন চিকিৎসা নিচ্ছেন।