
নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বংশিধর মিশ্র বলেছেন, বাংলাদেশ ও নেপালের সম্পর্ক বন্ধুর মতো। জাতিগতভাবে আমরা প্রায় একই। আমরা এই দুই দেশের মানুষের মধ্যে সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য ও মানুষের সাথে মানুষের সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। তারই ধারাবাহিকতায় ভারতের শিলিগুড়ি করিডোর ব্যবহার করে সড়ক পথে নেপালের সাথে সহজ যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছি।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর নাকুঁগাও স্থলবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, করোনা মহামারীর পর আমরা বাংলাদেশের সাথে আরও বেশকিছু চুক্তি সম্পাদন করতে পারবো বলে বলে আমি বিশ্বাস করি। এখানকার যোগাযোগ ব্যবস্থা ও সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে গেলাম। পরবর্তীতে আমরা চুক্তি করার লক্ষ্যে কাজ করবো। যেহেতু এই বন্দর দিয়ে ভুটানের সাথে যোগাযোগ রয়েছে, তবে নেপালের সাথে কেনো নয়। নেপালের সাথে যোগাযোগের জন্য এটি হতে পারে ভালো একটি মাধ্যম।
স্থলবন্দর পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা গোপাল চন্দ্র সরকার, নাকুগাঁও আমদানী-রফতানীকারক সমিতির নেতৃবৃন্দ ও পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকসহ অনেকে উপস্থিত ছিলেন।