
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়াসহ দক্ষিণ উপকূল বঙ্গোপসাগরে হঠাৎ লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত নিয়ে উত্তাল সাগরের বুক থেকে জেলেরা ট্রলার নিয়ে ফিরলো নিরাপদ আশ্রয়ে।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত থেকে কলাপাড়া উপজেলার আলীপুর ও মহিপুরে শিববাড়িয়া নদীর দুই তীরে হাজার হাজার ট্রলার নিরাপদ আশ্রয়ের এসে নোঙ্গর করে আছে। ইলিশ মৌসুমের এ সময়টাতে জেলেদের জালে অনেকদিন পর প্রচুর রুপালী ইলিশের দেখা মিলেছে। সেই মুহুর্তে হঠাৎ করেই বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হলে সাগর হয়ে উঠে প্রচন্ড উত্তাল। ঢেউয়ের তান্ডব সইতে না পেরে জেলেরা গভীর সমুদ্রে থেকে জাল-ট্রলার নিয়ে মৎস্যবন্দর আলিপুর-মহিপুরের ঘাটে ফিরেছে।
স্থানীয় ও জেলেদের সূত্রে জানা যায়, জেলেরা ধার-দেনা করে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায়। এর পর সাগর বক্ষে জাল ফেলে তারা। দেখা মেলে কাঙ্খিত সেই রুপালি ইলিশ। কিন্তু লঘুচাপ ও আমাবস্যার প্রভাবে সাগর উত্তাল হওয়ায় মরার উপড় খারার ঘাঁ হয়ে দাড়িয়েছে। ঢেউয়ের তান্ডব সইতে না পেরে ইতোমধ্যে হাজারো ট্রলার আন্ধারমানিক, রাবনাবাদ, সোনাতলা নদীসহ বিভিন্ন পয়েন্টে আশ্রয় নিয়েছে।
এদিকে পায়রা সমুদ্রবন্দর সমুহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমুহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলেরর কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া আফিস।
সাগর থেকে ফিরে আসা ট্রলারের মাঝি দবির হাওলাদার গণমাধ্যমকে বলেন, গত এক সপ্তাহে ধরে জালে ইলিশের দেখা মিলেছে। হঠাৎ করে সাগর রুদ্রমুর্তি ধারন করেছে। অস্বাভাবিক ঢেউয়ের তান্ডব টিকতে না পারায় মাছ শিকার বন্ধ করে ট্রলার তীরে ফিরে আসতে বাধ্য হয়েছে তারা।
আলীপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি মো: আনছার উদ্দিন মোল্লা সাংবাদিকদের জানায়, বর্তমানে বঙ্গোপসাগর চরম উত্তাল থাকায় কয়েক হাজার মাছ ধরা ট্রলার মহিপুর ও আলীপুর আড়ৎ ঘাটে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে।