
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে চুরি করতে গিয়ে আনোয়ার হোসেন (২৫) ও নাজমুল ইসলাম (২৪) নামে দুই যুবককে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে থানায় সপোর্দ করেছে এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে পৌর শহরের মধ্য গৌরীপাড়া গ্রামের ছামছুদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক আনোয়ার হোসেন রংপুর জেলার তাজহাট লিচুবাগান এলাকার মৃত আবুল কালাম এর ছেলে এবং নাজমুল ইসলাম (২৪) রংপুর সদরের গুপ্তপাড়া গ্রামের আফজাল হোসেন এর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্য গৌরীপাড়া গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী ছামসুদ্দিন এর বাড়িতে মদিনা ফ্লাওয়ার্স এর ম্যানেজার শ্যামল সামন্ত ভাড়া থাকানে। ওই বাড়িতে সেদিন কেউ না থাকায় সুযোগ বুঝে বাড়িতে ঢুকে তালা ভাংঙ্গার সময় বাড়ির মালিক ছামছুদ্দিন এর ম্যানেজার সিসি ক্যামেরায় দেখতে পেয়ে দুই যুবককে হাতেনাতে আটক করেন। পরে গ্রামবাসী ছুটে এসে তাদের গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ তাদের দু’জনকে আটক করে।
এ ঘটনায় ঐ বাড়ির ভাড়াটিয়া মদিনা ফ্লাওয়ার্স এর ম্যানেজার বাদী হয়ে আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।