
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উত্তর বাজারের আদালতের চিরস্থঅয়ী নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেট জবরদখলের অপচেষ্টা ও লুটতরাজের ঘটনা ঘটেছে।
গত ৭ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ৩ টার সময় ঝিনাইগাতী বাজারের রামেরকুড়া গ্রামের জামুদ আলীর পুত্র শাহ আলম (৫০)সহ অজ্ঞাতনামা ১০-১২ জন রামদা, লাঠি-সোঠা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মার্কেটে এসে হামলা চালায়। এসময় মার্কেটের শাটারের তালা কেটে অন্তত ৩টি দোকানে লুটতরাজ করে প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে মালিক পক্ষ দাবী করেন।
মার্কেটের মালিক শাহজাহান (দুলু), হাবিবুর রহমান হাবি এবং মার্কেটের অন্যান্য ভাড়াটিয়ারা জানান, এই মার্কেটে আমরা দীর্ঘদিন যাবত ব্যবসা-বাণিজ্য করে আসছি। কিন্তু মার্কেটের মালিক পক্ষ হাবিবুর রহমান হাবি এবং শাহ আলম গংদের সাথে রামেরকুড়া মৌজায় ১০২/৫১/৫২ খতিয়ানে ১৩১ ও ১৩০ দাগে মোট ৩০ শতাংশ জমিকে কেন্দ্র করে শাহ আলম গংদের বিরুদ্ধে শেরপুর সহকারী জজ আদালতে ২৪/১৩ নং অন্য প্রকার একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করে। এ মামলায় আদালতে হাবিবুর রহমান হাবির পক্ষে রায় দেন। পরবর্তীতে শাহ আলম বাদী হয়ে জজ কোর্টে উক্ত মামলার বিরুদ্ধে ৫৯/১৫ নং একটি আপিল মামলা করেন। এতে জজ কোর্ট পূর্বের রায় বহাল রেখে ২৪/১৩ নং মামলার পক্ষে রায় প্রদান করেন। চিরস্থায়ীর নিষেধাজ্ঞার রায় পেয়ে জমির মালিক ‘ভাই ভাই মার্কেট’ নামে ৬ রুম বিশিষ্ট একটি মার্কেট নির্মাণ করে মালিক পক্ষ নিজেরা ও কয়েকজন ভাড়াটে ওই মার্কেটে ব্যবসা করে আসছিল। গত ৭ সেপ্টেম্বর দিবাগত ভোররাত রাত ৩ টার সময় শাহ আলম তার বাহিনী নিয়ে আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে তিনটি রুমের শাটারের তালা কেটে মার্কেটের মালিক শাহজাহান (দুলু) ও হাবিবুর রহমান হাবি এবং দোকানের ভাড়াটিয়া এরশাদ মোঃ রাকিবের দোকানে লুটতরাজ করে প্রায় ৩ লাখ টাকার ভ্যাটেনারী ওষুধপত্র এবং মোটরসাইকেল, অটোরিকশা ও সিএনজি’র খুচরা যন্ত্রাংশের দোকানের মালামাল লুটপাট করে নেয়। এমনকি মার্কেট জবরদখলের অপচেষ্টা করে। এসময় মার্কেটের মালিক পক্ষ ৯৯৯ এ কল করলে পরবর্তীতে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহ আলম গং পালিয়ে যায়। এ বিষয়ে মালিক পক্ষ মোঃ শাহজাহান (দুলু) বাদী হয়ে শাহ আলমসহ ১২ জনের বিরুদ্ধে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসী জানায়, পরবর্তীতে শাহ আলম গংরা নিজে বাঁচতে নিজ বাড়িতে নিজেরাই রান্না ঘরে আগুন লাগিয়ে দিয়ে বাড়ি পোড়ার মামলা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অপচেষ্টা করে।
ঝিনাইগাতী থানার ওসি ফায়েজুর রহমান জানান, মার্কেটের মালিক পক্ষদের অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।