
নালিতাবাড়ী (শেরপুর) : দেশের প্রধান দুই রাজনৈতিক দলের শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পর্যায়ের দায়িত্বশীল দুই নেতা গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এদের একজন ক্ষমতাসীন দল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক হার্ট এ্যাটাক করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা ও উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক আশরাফ আলী অজ্ঞাতকারণে বিষক্রিয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দলীয় সূত্র জানায়, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক দুইবারের চেয়ারম্যান এবং বর্তমান উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক আশরাফ আলী গত ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত দশটার দিকে শহরের কাচারীপাড়াস্থ তার বাসা থেকে কেন্দুয়াপাড়াস্থ নিজ খামারবাড়ি যান। এগারোটার দিকেও তার পরিবারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ হলেও এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন শুক্রবার ভোরে স্থানীয় লোকজন নালিতাবাড়ী পৌর শহরের সীমানা শেষে রাস্তার পশ্চিমে থাকা আইলাখালী এর পারে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এমতাবস্থায় খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সূত্র জানায়, আশরাফ আলী অচেতন অবস্থায় পড়ে থাকলেও তার পাশেই মোবাইল ফোন, মানিব্যাগ, চশমাসহ অন্যান্য সরঞ্জাম পড়ে ছিল। চিকিৎসকের বরাত দিয়ে আরও জানানো হয়, আশরাফ আলীর শরীরে সম্ভবত বিষাক্ত ইনজেকশন পুশ করা হয়েছে। চিকিৎসকরা বিষক্রিয়ার চিকিৎসা নিচ্ছেন। তবে কে বা কারা অথবা কি কারণে এমন ঘটনা ঘটাতে পারে এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি কিছুটা শঙ্কামুক্ত। সুস্থ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।
অন্যদিকে সাবেক ছাত্র ও যুবনেতা এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ঢাকা থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে বাড়ি ফেরেন। এর কিছুক্ষণ পরই তিনি বুকে চাপ অনুভব করেন। পরে ভোরে তাকে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং দুপুরে তাকে ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইন্সস্টিটিউটে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি হৃদরোগ ইন্সস্টিটিউটের ৬নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
দলীয় সূত্র জানায়, তিনি হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এখন তিনি শঙ্কামুক্ত হলেও যাবতীয় পরীক্ষা-নীরিক্ষা না হওয়া পর্যন্ত পরিস্কার করে কিছু বলা যাচ্ছে না।
এদিকে দুই দায়িত্বশীল রাজনীতিবিদের অসুস্থতায় তাদের পরিবার ও দলের পক্ষ থেকে সকলের দোয়া প্রার্থনা করা হয়েছে।