
রাসেল কবির মুরাদ, কুয়াকাটা (পটুয়াখালী) : কুয়াকাটা সমুদ্র সৈকতে মহামারি করোনার দীর্ঘ বন্ধের পর পর্যটনস্পটগুলো খুলে দেয়ার পর বিগত দিনগুলোর চাইতে বর্তমানে ভাসমান পতিতাদের উৎপাতে অতীষ্ঠ হয়ে পড়েছে পর্যটকসহ পর্যটনমুখী ক্ষুদ্র ব্যবসায়ীরা।
সন্ধ্যা নামলেই ভাসমান পতিতাদের বাজার বসে। সন্ধ্যার পরই সৈকতে ঘুরে ঘুরে খদ্দের যোগারে নেমে পড়ে এসব পতিতা। সৈকতে ভ্রমণে আসা নানা বয়সী পর্যটক ও স্থানীয়রা এদের খদ্দের। সৈকত থেকে খদ্দের নিয়ে বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে ওঠে। অনেক পতিতারা ঝাউবাগান কিংবা লেম্বুর বনে খদ্দের নিয়ে মোটরসাইকেলযোগে নিয়ে গিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়ে। আবাসিক হোটেলে চুক্তি ভিত্তিক রাত্রি যাপনসহ স্বল্প সময়ের জন্য নিয়ে যাওয়া হয় পর্যটকদের। কতিপয় আবাসিক হোটেল ম্যানেজার, বয়, মোটরবাইক চালক, সৈকতের ক্ষুদ্র ব্যবসায়িরা এদের দালাল হিসেবে কাজ করে থাকে। এসব পতিতারা খদ্দেরদের ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহসহ মাদক কারবারীদের সাথে যোগাযোগ করিয়ে দেয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, টাকা-পয়সা ওয়ালা খদ্দের পেলেই নানা প্রলোভনে মাদক সেবনে উৎসাহিত করে। টাকা-পয়সা নিয়ে পান থেকে চুন খসলে পুলিশকে ফোন দিয়ে মোটা অংকের টাকায় রফাদফা করে। আবার কোন কোন পতিতারা টাকা-পয়সা ওয়ালা খদ্দেরদের আবাসিক হোটেলে নিয়ে যায়। এরপর এরা কথিত সাংবাদিক এবং সাজানো প্রশাসনের লোক দিয়ে হোটেল কক্ষে আটকে রেখে টাকার লেনদেন করা হয়। যেসকল খদ্দের টাকা দিতে চায় না তাদের কে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়া হয়। অনেক খদ্দের ও পর্যটকরা মান-সম্মানের ভয়ে কাউকে কিছু না বলে টাকা পয়সা দিয়ে দেয়। অনেক সময় আপত্তিকর ছবি ও ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে নিজদের স্বার্থ হাসিল করে এমন অভিযোগ রয়েছে এ পতিতাদের বিরুদ্ধে। কুয়াকাটা আবাসিক হোটেলে এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে। এরফলে স্থানীয় যুব সমাজ ধ্বংস হচ্ছে।
সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনেই ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় প্রতিদিন সন্ধার পর থেকে রাত ১০ টা পর্যন্ত এক ডজনেরও বেশি পতিতাদের আনাগোনা দেখা গেছে। ট্যুরিস্ট পুলিশ সদস্যদের সামনেই এসব পতিতারা খদ্দের যোগাড় করে থাকে। ট্যুরিস্ট পুলিশের এমন নমনীয় ভূমিকায় হতাশ সাধারণ পর্যটকরা।
সৈকতের ছাতা ও বেঞ্চ ব্যবসায়ী হাসানুজ্জামান এ প্রতিনিধিকে বলেন, সন্ধ্যা নামলেই পতিতারা এসে বেঞ্চে বসে থাকা বিভিন্ন বয়সের পর্যটকদের নানা অঙ্গ-ভঙ্গির মাধ্যমে আকৃষ্ট করে। অনেক উঠতি বয়সের পর্যটকরা ছাতার নিচে বসে থাকা কোন যুবতী পর্যটকদের পতিতা ভেবে প্রস্তাব দেয়। এ নিয়ে কোন কোন সময় বিড়ম্বায় পড়ে ঘুড়তে আসা পর্যটকরা। ছাতা চেয়ার থেকে উঠে যেতে বললে উল্টো পতিতা ও তাদের দালালদের রোষানলে পড়তে হয়। এমনকি অশ্লীল গালি গালাজ ও হুমকি দেয়া হয়। একই কথা জানান সৈকতের ক্ষুদ্র ব্যবসায়িরাও।
এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জানান, সৈকতে ভাসমান পতিতাদের আনাগোনার বিষয় তার জানা নেই। তবে এ বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।