
স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন শেরপুরের নকলা পৌরসভার সাবেক মেয়র, কুর্শাবাদাগৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চন্দ্রকোনা কলেজের সাবেক সহকারী অধ্যাপক আলহাজ্ব মিজানুর রহমান। রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
পারিবারিক সূত্র জানায়, গত মাসের শেষের দিকে মিজানুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি নকলা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। এর আগে তিনি কুর্শবাদাগৈর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও চন্দ্রকোনা কলেজে সহকারী অধ্যাপক হিসেবে চাকুরী করেন তিনি। তিনি জেলা আওয়ামী লীগের সদস্যও ছিলেন।
তার মৃত্যুতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।