
শেরপুর : শেরপুরের শ্রীবরদী পৌর শহরের পুরাতন শ্রীবরদী মহল্লার ১৪ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়ে ছয় মাসের অন্তসত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা রবিবার (১২ সেপ্টেম্বর) থানায় অভিযুক্ত আব্দুল হাকিম ভুষি (৪০) সহ তিনজনের নামে একটি মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়আনী শ্রীবরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ওই শিক্ষার্থী অভিযুক্ত আব্দুল হাকিম ওরফে ভুষির প্রতিবেশী। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সময় গার্মেন্টকর্মী ভুষির স্ত্রী ও মেয়ে ঢাকায় কাজে চলে যায়। এসময় ভুষি বাড়িতে একা ছিল। এ সুযোগে ভুষি ওই কিশোরীকে ফুঁসলিয়ে বাড়ি আনে এবং ধর্ষণ করে। বিষয়টি লজ্জায় মেয়েটি গোপন করে। কিছুদিন পর শারিরিক পরিবর্তন দেখে মেয়েটির মা চাপ দিলে সে সব কথা খুলে বলে।
পরে এ ঘটনা নিয়ে বেশ কয়েকবার সালিস-বৈঠক হয়। বৈঠকে ধর্ষক ভুষি এক কাঠা জমি মেয়ের নামে লিখে দিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু মেয়ের পরিবার ওই প্রস্তাবে রাজী না হয়ে রবিবার থানায় মামলা করে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে। ডাক্তারী পরীক্ষায় জানা গেছে, মেয়েটি ছয় মাসের গর্ভবতী। আমরা অভিযুক্তকে ধরতে অভিযান চালিয়েছি। আশা করছি দ্রুত তাকে ধরে ফেলব।