
ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ চলছে। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। সোমবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।
জানা গেছে, রাত ১২টার পরে ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয়। এসময় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষিপ্ত ব্যবসায়ীরা বলাকা সিনেমা হলের সামনে অবস্থান করছেন। অন্যদিকে নিউমার্কেট এলাকায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সঙ্ঘবদ্ধ হয়ে তারা একে অপরকে ইট-পাটকেল নিক্ষেপ করছে। তবে পুলিশ তাদের নিবৃত্ত করতে চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ।
রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের মাঝখানে পুলিশ ব্যারিকেড গড়ে তুলেছে।