1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

৩৩ হাজার পরিবারে নিশ্চিন্ত জীবনের নিশ্চয়তা

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : ‘একটি মানুষও গৃহহীন থাকবে না’-প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই প্রত‌্যয়ের অংশ হিসেবে তার আবেগের প্রকল্প ‘আশ্রয়ণের’ মাধ‌্যমে প্রধম ও দ্বিতীয় ধাপের পর এবার তৃতীয় ধাপে ভূমিসহ বাড়ি পাচ্ছেন আরও প্রায় ৩৩ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবার। ঘর পাওয়ার আনন্দে এসব মানুষের মুখে এখন ঈদের আনন্দ।

আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) এসব পরিবারের হাতে ঘরের মালিকানাসহ দলিল তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে বিভিন্ন বিভিন্ন অঞ্চলে যুক্ত থাকবেন তিনি। শুনবেন ঘর পাওয়া উপকারভোগী এসব মানুষের অনুভূতি।

এই ধাপে সাভারের শিমুলিয়া গ্রামে ২৪টি পরিবার বাড়ি পাচ্ছে। নিশ্চিত জীবনের হাতছানি আর ঈদের আগে বাড়ি পেয়ে তাদের ঈদের আনন্দ বেড়ে গেছে কয়েকগুন।

উপকারভোগীর এমন একজন আনোয়ারা বেগম। এক ছেলে  এক মেয়ে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। মাসে ভাড়া দেওয়া লাগতো ১৫০০ টাকা। এতে সন্তানদের পড়াশোনা ও সংসার চালানো কঠিন হতো। খেয়ে না খেয়ে থাকলেও ভাড়ার টাকা জোগার নিয়ে টেনশনে থাকতেন।

‘অনেক সুবিধা হইছে। এখন ভাড়া দেওয়া লাগবে না। যে টাকা ভাড়া দিতাম এখন সেই টাকা দেওয়া লাগবে না। এটাই শান্তি। প্রধানমন্ত্রী আরও ভালো থাকুক, যেন আমার মতো আরও মানুষকে উপকার করতে পারেন’, বলছিলেন আনোয়ারা বেগম।

দুই বাচ্চাকে নিয়ে জীবন সংগ্রামে নিঃস্ব মারুফার জায়গাও হয়েছে এখানে। ছোটবেলা থেকে সৎ মায়ের সংসারে জীবনের সঙ্গে যুদ্ধ করা মারুফার বিয়ের পরও কপালে সুখ মেলেনি। স্বামী চলে গেছেন, করেছেন আরেকটি বিয়ে। এর পর থেকে দুই মেয়েকে নিয়ে জীবন তরী ভেসেছে এখানে সেখানে।

‘ভাই-বোন কেউ নেই। এতিম অসহায় আমি। স্বামী ভালো চিলো না। একাধিক বিয়ে করেছে। শারীরিক নির্যাতন করতো, মারতো। দুই বাচ্চা নিয়ে খুব কষ্ট করছি। একসময় চাকরি করতাম। দুইটা অপারেশন হওয়ায় আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। সেই থেকে চলতে ফিরতেও সমস‌্যা হচ্ছে। আমার ভাগ‌্যে ভালো থাকা হয় নাই। রাস্তায় রাস্তায় ছোট বাচ্চা নিয়ে ঘুরছি’, মারুফা জীবনের গল্প বলছিলেন এভাবে।

নতুন ঘর পাওয়ার আনন্দে ছলছল চোখ নিয়ে তিনি জানান, ‘আমি ঘরের জন‌্য আবেদন করি। একটি ঘর পাইছি। এখানে বসে বাচ্চাদের নিয়ে ডাল ভাত খেতে পারবো। এটা এখন আমার জীবনে অনেক বড় কিছু।’

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ হতে এর আগেও প্রথম ও দ্বিতীয় ধাপে এক লাখ ২৩ হাজার ২৪৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বাড়ি দেওয়া হয়েছে। এবারের ঘর হস্তান্তর শেষে মোট দেড় লাখ গৃহহীন পরিবার সরকারের উপহারের ঘরের মালিক হবেন। পর্যায়ক্রমে মোট ৯ লাখ গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর এই প্রকল্পের ঘর উপহার দেওয়া হবে।

এসব ঘর নির্মাণ করা হচ্ছে সরকারি খাস জায়গা কিংবা দখল হওয়া জায়গা দখলমুক্ত করে। ইতোমধ্যে দেশের আট বিভাগে বিপুল পরিমাণ বেদখল হওয়া সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। সারা দেশের এখন পর্যন্ত এমন ৫ হাজার ৫১২ একর খাস জমি উদ্ধার হয়েছে জানিয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান বলেন, এই জমির স্থানীয় বাজার মূল‌্য তিন হাজার কোটি টাকার বেশি।

প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপের বাড়িগুলো বেশি মজবুত আকারে নির্মাণ করা হচ্ছে। আগে ইটের ভিত ও কলাম ছিল। এবার আরসিসি ঢালাইয়ের ওপর গ্রেট বিম ও কলাম দেওয়া হয়েছে। আগে শুধু জানালা ও দরজায় লিংটেল ছিল। এখন পুরো ঘরে দেওয়া হয়েছে লিংটেল।

প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম ধাপে ঘর নির্মাণের বরাদ্দ ছিল এক লাখ ৭১ হাজার টাকা। দ্বিতীয় ধাপে এর পরিমাণ ছিল এক লাখ ৯১ হাজার। আর প্রথম ধাপের চেয়ে ৮৮ হাজার ৫০০ এবং দ্বিতীয় ধাপের চেয়ে ৬৮ হাজার ৫০০ টাকা বেড়ে তৃতীয় ধাপে বাড়িপ্রতি বরাদ্দ ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস রানা বলেন, মঙ্গলবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন ৩২ হাজার ৯০৪টি পরিবারকে দুই শতক জমিসহ ঘরের দলিল হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে সিরাজগঞ্জ সদর, বরগুনা সদর, চট্টগ্রামের আনোয়ারা, ফরিদপুরের নগরকান্দায় সংযুক্ত থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com