1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

দেশে কেউ গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশে কেউ গৃহহীন, ভূমিহীন এবং ঠিকানাবিহীন থাকবে না। আমরা সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।’

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে সারা দেশে ৪৯২টি উপজেলায় ৩২ হাজার ৯০৪টি বাড়ি বিতরণকালে সুবিধাভোগীদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যোগ দিয়ে জানান, সরকার উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে জাতির পিতার লালিত স্বপ্ন পূরণে সবার মুখে হাসি ফোটাতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩২ হাজার ৪০৯টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি ও ঘর দিয়েছি। আমি আসন্ন ঈদ-উল-ফিতরের উপহার হিসেবে আজ এসব জমি ও ঘর দিয়েছি। যারা ঘর পেয়েছে, তাদের মুখের হাসি আমি খুব পছন্দ করি।’

সরকারপ্রধান বলেন, ‘বেদে, তৃতীয় লিঙ্গ, চা শ্রমিকসহ সুবিধাবঞ্চিত সকল শ্রেণির মানুষকে সুন্দর জীবন উপহার দিতে গৃহায়ন প্রকল্পের আওতায় আনা হবে। এজন্য সরকার শুধু খাস জমিরই খোঁজ করছে না, নিজেদের অর্থায়নে জমি কিনেও ঘর-বাড়ি করে দিচ্ছে।’

তিনি বলেন, ‘আমি জানি না, পৃথিবীর আর কোনো দেশে এ ধরনের উদ্যোগ আর কেউ নিয়েছে কি না। কিন্তু আমরা জাতির পিতার আদর্শের সৈনিক। আমি শুধু তার কন্যাই না, তার আদর্শেরও অনুসারী। আমার কাছে ক্ষমতাটা হচ্ছে জনগণের সেবা করা, তাদের জন্য কাজ করা। আমি সেটাই করে যাচ্ছি।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমি জানি, আজ আমার বাবার আত্মা শান্তি পাবে, যখন তিনি দেখবেন তার জনগণের মুখে হাসি ফুটেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারটি জেলার চারটি স্থানের সুবিধাভোগী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার সঞ্চালনায় গণভবন প্রান্তের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবং আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রকল্পের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com