1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

রেলমন্ত্রীর আত্মীয়কে জরিমানা করা টিটিই বরখাস্ত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ মে, ২০২২

পাবনা: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণ করা তিন রেলযাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করা ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে শুক্রবার (৬ মে) এ বরখাস্ত আদেশ কার্যকর হয়েছে।

শফিকুল ইসলাম রেলওয়ে জংশন স্টেশন, ঈশ্বরদীতে টিটিই হেড কোয়ার্টারে কর্মরত ছিলেন। তাকে বরখাস্ত করার বিষয়টি স্বীকার করেছেন ডিসিও নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (৫ মে) রাতে পাবনার ঈশ্বরদীতে আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেসে কর্তব্যরত ছিলেন শফিকুল ইসলাম। ট্রেনে ডিউটিরত অবস্থাতেই তিনি বরখাস্ত হওয়ার বিষয়টি মুঠোফোনে জানতে পারেন।

রেলের একাধিক সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেসে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে ওঠা তিন যাত্রী বিনা টিকিটে এসি কেবিনে চেপে ঢাকায় যাচ্ছিলেন। এ সময় কর্তব্যরত টিটিই শফিকুল ইসলাম তাদের কাছে টিকিট দেখতে চাইলে তারা রেলমন্ত্রীর আত্মীয় হিসেবে পরিচয় দেন। টিটিই বিষয়টি তাৎক্ষণিকভাবে ফোনে পাকশী বিভাগীয় রেলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) নুরুল আলমকে জানান। নুরুল আলম সর্বনিম্ন ভাড়া নিয়ে এসি টিকিট না করিয়ে সাধারণ কোচের টিকিট কাটার পরামর্শ দেন। এসিও’র পরামর্শ অনুযায়ী টিটিই শফিকুল ইসলাম ওই তিন যাত্রীকে এসি টিকিটের পরিবর্তে ১০৫০ টাকায় তিনটি সুলভ শ্রেণির নন-এসি কোচে সাধারণ আসনের টিকিট বানিয়ে দেন। এ সময় ট্রেনে কর্তব্যরত অ্যাটেনডেন্টসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ওই তিন যাত্রী তাৎক্ষণিকভাবে কোনো অভিযোগ না করলেও ঢাকায় পৌঁছে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে ‘অসদাচরণ’ করার অভিযোগ করেন। সে অভিযোগ পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন সংশ্লিষ্ট টিটিইকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।

বরখাস্তের আদেশের বিষয়টি ঈশ্বরদী রেলওয়ের টিটিই হেড কোয়ার্টারের ভারপ্রাপ্ত সিনিয়র টিটিই ইন্সপেক্টর মো. বরকত উল্লাহ আল-আমিন টিটিই শফিকুল ইসলামকে মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করেন। সে সময় তিনি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ডিউটিরত ছিলেন।

পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন এ বিষয়ে বলেছেন, ‘আমি লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে, ওই তিন যাত্রীর সঙ্গে কর্তব্যরত টিটিই অসদাচরণ করেছেন বলে রেলের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মুঠোফোনে অভিযোগ দেওয়া হয়। বিষয়টি আমাকেও অবহিত করা হয়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে টিটিই শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

টিটিই শফিকুল ইসলাম বলেছেন, ‘বরখাস্তের বিষয়টি আমি ট্রেনে ডিউটিরত অবস্থায় মোবাইল ফোনে জানতে পেরেছি। এ কারণে শুক্রবার ডিউটিতে যাওয়া হয়নি। ঈশ্বরদী থেকে তিন যাত্রী রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের এসি কেবিনে ওঠেন। রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়ায় আমি তাদের প্রতি সম্মান দেখিয়ে এসিওর পরামর্শে এসির টিকিট না কেটে সুলভ শ্রেণির নন-এসি কোচে সাধারণ আসনের তিনটি টিকিট বানিয়ে দেই। তাদের সঙ্গে অসদাচরণ করিনি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com