
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার রক্তাক্ত হামলায় সোচ্চার কণ্ঠ ব্যক্ত করলেন ব্রাজিলের লিজেন্ড পেলে। এক খোলা চিঠিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই আহ্বান জানান তিনি।
বুধবার কোয়ালিফাইং প্লে অফে স্কটল্যান্ডকে হারিয়ে ইউক্রেন বিশ্বকাপ থেকে আর এক ধাপ দূরত্বে রয়েছে। কিন্তু ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রুশ হামলার বিরুদ্ধে সম্মুখ যোদ্ধাদের নিয়ে আবেগঘণ পরিবেশ তৈরি হয়।
এই ম্যাচের আগে রাশিয়ান প্রেসিডেন্টকে পেলে অনুরোধ করেন ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার। পুতিনের সঙ্গে আগে একবার দেখাও হয়েছিল তিনবারের বিশ্বকাপ জয়ী অধিনায়কের।
পেলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ভ্লাদিমির পুতিন। আজ ইউক্রেন তাদের দেশে যে ট্র্যাজেডির মধ্যে দিন কাটাচ্ছে, তা অন্তত ৯০ মিনিট ভুলে থাকার চেষ্টা করবে। বিশ্বকাপের একটি জায়গা পাওয়ার প্রতিদ্বন্দ্বিতা এমনিতেই কঠিন, যেখানে অনেকের জীবন ঝুঁকিতে তখন প্রায় অসম্ভব। আমি আজকের ম্যাচকে একটি অনুরোধ করার সুযোগ হিসেবে ব্যবহার করতে চাই: আগ্রাসন বন্ধ করুন। এই অবিরাম সহিংসতার কোনো যৌক্তিকতা নেই।’
পেলে আরও লিখেছেন, ‘এই সহিংসতা খারাপ, অযৌক্তিক এবং ব্যথা, আতঙ্ক ও যন্ত্রণা ছাড়া আর কিছুই দেয় না। এটা আরও স্থায়ী হওয়ার কোনো কারণ নেই। অতীতে আমাদের যখন দেখা হয়েছিল এবং অনেক সময় ধরে হাসিমুখে হাত মিলিয়েছিলাম, তখন আমি একদমই ভাবিনি যে একদিন আমাদের মধ্যে আজকের মতো বিভক্তি আসবে।’
‘জাতির মধ্যে যুদ্ধ শুধু বিচ্ছেদ তৈরি করে। এমন কোনো আদর্শ নেই যা ক্ষেপণাস্ত্র ছুড়ে অনেক শিশুর স্বপ্নকে সমাহিত করা, পরিবারকে ধ্বংস করা ও নিরীহদের হত্যা করার ন্যায্যতা দেয়। আমি আট দশক ধরে জীবন কাটাচ্ছি, যেখানে আমি অনেক যুদ্ধ দেখেছি এবং অনেক বিদ্বেষী বক্তব্য শুনেছি ও দেখেছি। দেখেছি মেরুদণ্ডহীন নেতারা তাদের দেশের নিরাপত্তার নামে নৃশংসতা চালাচ্ছে। আমাদের অবশ্যই এটি বন্ধ করতে হবে।’- লিখেছেন পেলে।
ব্রাজিলিয়ান কিংবদন্তি তার সোচ্চার কণ্ঠ ব্যক্ত করলেন, ‘অনেক আগে আমি নিজেকে কথা দিয়েছিলাম যে শান্তির জন্য সবসময় আমি আওয়াজ তুলবো। এই সহিংসতা বন্ধের ক্ষমতা আপনার হাতে, যে হাত মস্কোতে নাড়িয়েছিলাম আমি, ২০১৭ সালে আমাদের শেষ দেখায়।- পেলে।’