
বাংলার কাগজ ডেস্ক: ক্যানসার, হৃদ্রোগ ও কিডনি রোগের চিকিৎসার জন্য আট বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে নতুন মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ মোট ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা।
রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৮ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা জোগান দেওয়া হবে।
অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে। এ ছাড়া আট বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্প অনুমোদন পেয়েছে।
অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল ও আনুষঙ্গিক ভবন নির্মাণ এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ। এ ছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদুর রহমানসহ একনেকের সদস্যরা।