
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে দুদিনের বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৯ জন এখনও নিখোঁজ রয়েছে। শুক্রবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
রেড ক্রিসেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পশ্চিমে এমামজাদেহ দাউদ গ্রাম ও তেহরানের পূর্বে ফিরোজকাউহ, রৌদেহেন এবং দামাভান্দ অঞ্চলে প্রবল বৃষ্টি ও বন্যার কারণে ২৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ১৯ জনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।’
এক সপ্তাহ আগেই ইরানের দক্ষিণের শহরে আকস্মিক বন্যায় ২২ জনের মৃত্যু হয়েছিল। শুষ্ক ইরানে গত এক দশকে বারবার খরার শিকার হলেও প্রবল বৃষ্টিপাতের পর নিয়মিত বন্যাও হয়েছে
তেহরানের গভর্নর মোহসেন মনসুরি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, রাজধানীর পূর্ব ফিরোজকাউহতে ১০ জন প্রাণ হারিয়েছেন, ১২ জন আহত হয়েছেন এবং ১৬ জন নিখোঁজ রয়েছেন।
তিনি জানান, পাহাড়ি ভূমিধসের কারণে এলাকাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, ১৮টি প্রদেশে বন্যা দেখা দিয়েছে। এসব অঞ্চলের মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আলবোর্জ, ইসফাহান, মারকাজি, তেহরান ও ইয়াজদ।