
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচীর শ্রমিক জুলহাস উদ্দিন হত্যা মামলায় দুই অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুস সবুর মিনা আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলো- নালিতাবাড়ী উপজেলার তোয়ালকুচি গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে বাবুল মিয়া ও একই গ্রামের মৃত মতলেব এর ছেলে মনু। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৯ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠান্ডু জানান, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর নালিতাবাড়ী উপজেলার তোয়ালকুচি এলাকায় স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিনের মাধ্যমে ৪০ দিনের কর্মসূচীর আওতায় একটি রাস্তা সংস্কারের দায়িত্বে কাজ করছিলেন স্থানীয় জুলহাস উদ্দিন (৫৫)। ওইদিন সকাল ১০টায় রাস্তা সংস্কারের কাজে বাধা দেয় বাবুল মিয়া ও মনুসহ তাদের লোকজন। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে জুলহাস উদ্দিনকে। ওই ঘটনায় একইদিন রাতে জুলহাস উদ্দিনের ছেলে মনিরুজ্জামান বাদী হয়ে বাবুল ও মনুসহ ১৯ জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০১৯ সালের ১৮ আগস্ট সকল আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন জামালপুর পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ মঈনুল হোসেন। পরবর্তীতে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারিক পর্যায়ে বাদী, চিকিৎসক ও তদন্তকারী কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।