
ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে চোরাই পথে আনা ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাংটিয়া মোড় ফরেস্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারতকৃতরা হলেন- শেরপুর সদর উপজেলার বাজিতখিলা এলাকার মৃত শাহজাহানের ছেলে মশিউর রহমান বাবু (৩৯) ও একই এলাকার মফিজুল ইসলামের ছেলে মো. শিবলু (৩৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাংটিয়া মোড় এলাকায় অভিযান চালিয়ে বাবু ও শিবলুর সঙ্গে থাকা চারটি কার্টুন তল্লাশি করা হয়। এ সময় চোরাই পথে আনা ভারতীয় ক্যাডিলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ১ হাজার ৯২০টি ‘স্কিনশাইন ক্রিম’ টিউব উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় মূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা।
পরে এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করে শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।