
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে প্রতিবেশী কন্যাশিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আহাম্মদ আলীকে আটক করে পুলিশে দিয়েছে র্যাব-১৪ জামালপুর।
৮ বছর পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে গাজীপুরা এলাকায় তারই মেয়ের বসতঘর থেকে তাকে আটক করা হয়। আহমদ আলী নালিতাবাড়ী উপজেলার বাঁশকান্দা গ্রামের বাসিন্দা। পরিচয় গোপন করে সে গাজীপুরে বিভিন্ন মাদাসা ও বাসাবাড়িতে আরবি শিক্ষকতা করে আসছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৭ আগস্ট ভুক্তভোগী কন্যাকে বাড়ি রেখে মা ভিক্ষাবৃত্তি ও বড় ভাই দিনমজুরী করতে যান। উভয়ের বাড়ি ফিরতে বিলম্ব হওয়ায় রাত আটটার দিকে বাড়ি খালি পেয়ে চার সন্তানের জনক ও প্রতিবেশি আহাম্মদ আলী ঘরে প্রবেশ করে কু-প্রস্তাব দেয়। এতে রাজী না হওয়ার একপর্যায়ে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে। এসময় ভুক্তভোগীর মা ঘরে ঢুকে অভিযুক্তকে ধর্ষণরত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। ফলে দৌড়ে পালিয়ে যায় আহম্মদ আলী। পরে এ ঘটনায় বাদী হয়ে রাতেই ভুক্তভোগীর বড় ভাই আনসার আলী নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
সাক্ষ্য-প্রমাণ শেষে সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত করে ২০২১ সালের ১১ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পলাতক থাকাবস্থায় অভিযুক্ত আহাম্মদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।