
শেরপুর: শেরপুরে শিশু ও কিশোরীকে অপহরণ ও ধর্ষণের পৃথক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। বুধবার (৫ এপ্রিল) শেরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র্যাব-১৪।
র্যাব জানায়, গোলাপ হোসেনকে ঢাকার আশুলিয়ার জামগড়ার চিত্রসাইল বাজার থেকে গ্রেপ্তার করা হয়। আর বাবুল তিলক দাসকে গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার আশিকউজ্জামান জানান, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের গোলাপ হোসেন (৪০) ২০১৪ সালের ১৮ এপ্রিল এক শিশুকে অপহরণ করে রাজধানীর বিমানবন্দর এলাকার নর্দ্দার একটি বাসায় আটকে রাখেন। সেখানে ওই শিশুকে ধর্ষণ করেন গোলাপ হোসেন। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মামলা হলে ভুক্তভোগী শিশুকে পুলিশ উদ্ধার করে।
এ ঘটনায় শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২০২১ সালের ২৫ অক্টোবর গোলাপ হোসেনকে অপহরণের দায়ে ১৪ বছর ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
অপরদিকে নকলা উপজেলার ম্যানেজার মার্কেট এলাকা থেকে এক কলেজছাত্রীকে ২০১৯ সালের ২৪ আগস্ট ময়মনসিংহের ফুলবাড়িয়ার নয়াবাড়ির পরেশ তিলক দাসের ছেলে বাবুল তিলক দাস অপহরণ করেন। গাজীপুরের বাসন থানার ইটাহাটার একটি বাসায় আটকে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করেন তিলক। পরে ভুক্তভোগী কলেজছাত্রীকে নকলা থানা পুলিশ ওই এলাকা থেকে উদ্ধার করে। এরপর থেকেই বাবুল পলাতক ছিল।
এ ঘটনায় শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল বাবুল তিলক দাসকে ২০২২ সালের ২১ এপ্রিল অপহরণের দায়ে ১৪ বছর ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।