
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ৩৮ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশী মদসহ হযরত আলী (৩০) ও আব্দুল্লাহ ওরফে ময়নাল (২৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নালিতাবাড়ী থানার নিজপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃত হযরত আলী নালিতাবাড়ী উপজেলার কালাকুমা পূর্বপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং আব্দুল্লাহ ওরফে ময়নাল জামালপুর জেলার সদর উপজেলার পাথালিয়া নাওভাঙ্গা গ্রামের মহর আলী মন্ডলের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানাধীন নিজপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিদেশী মদসহ তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।