
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর নিষিদ্ধ সীমানা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জয়নাল আবেদীন (৫০) নামে এক বালু উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রীষ্টফার হিমেল রিছিল এ অভিযান পরিচালনা করেন। জয়নাল আবেদীন ওই এলাকার মৃত আব্দুল মতিন ফকিরের ছেলে।
সূত্র জানায়, পাহাড়ি নদী চেল্লাখালীর পোড়াগাঁও ইউনিয়নের খলচান্দা গ্রামস্থ এলাকায় শ্যালুচালিত মিনি ড্রেজার বসিয়ে নদীর তীর ভেঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় বালু ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রীষ্টফার হিমেল রিছিল ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত জয়নাল আবেদীন নামে এক বালু উত্তোলনকারীকে বালু হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক জয়নাল আবেদীনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রীষ্টফার হিমেল রিছিল জানান, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।