
নালিতাবাড়ী (শেরপুর) : সরকারের অনুমোদনহীন কীটনাশক এবং ভেজাল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রিসহ নানা অনিয়মের কারণে এক ব্যবসায়ীকে কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে হুমকীর ২৪ ঘন্টার মধ্যেই স্ট্যান্ড রিলিজ করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীরকে। গত ৩ এপ্রিল বদলির হুমকী দেওয়ার পর ৪ এপ্রিল ওই কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়।
সূত্র জানায়, দীর্ঘদিন যাবত নালিতাবাড়ী শহরের সাহা ট্রেডার্স সরকারের অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, কোম্পানীর পরিবেশক সংক্রান্ত বিধি-নিষেধ অমান্য করে নানা ধরণের কীটনাশকসহ কৃষি উপকরণ বিক্রি করে আসছিল। এমনসব অভিযোগ আরও কতিপয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠায় উপজেলা কৃষি বিভিাগ গত কয়েক মাস যাবত উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৯ মার্চ বৃহস্পতিবার জেলা কৃষি বিভাগের অতিরিক্ত উপপরিচালক হুমায়ন কবীর (উদ্ভিদ সংরক্ষণ), অতিরিক্ত উপপরিচালক এমদাদুল হক (শস্য), উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন ও মওদুদ আহমেদ ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মধ্য বাজার সাহা ট্রেডার্সে রাজিব এগ্রো ক্যামিকেলস লিমিটিড এর মোড়কে সরকারের অনুমোদনহীন মাইক্রোভিট ৮০ ডব্লিউ পি. পাওয়া যায়। এছাড়াও সাহা ট্রেডার্স ও সাহা এন্টারপ্রাইজ নামে দুই সহোদরের দুই লাইসেন্স এর বিক্রয় কেন্দ্র একটি দেখা যায়। অন্য একটি কৃষিপণ্যের মোড়কে মেয়াদোত্তীর্ণের তারিখ ঘঁষামাজাসহ নানা অসঙ্গতি লক্ষ্য করা যায়। ফলে সাহা ট্রেডার্সকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর।
এরপর অনুমোদনহীন মাইক্রোভিট ৮০ ডব্লিউ পি. বাজারজাত করতে দফায় দফায় রাজিব এগ্রো ক্যামিকেলস লিমিটিড এর পক্ষ থেকে নানাভাবে কৃষি কর্মকর্তাকে ম্যানেজ করার চেষ্টা করে ব্যর্থ হয় উর্ধতন কর্তৃপক্ষ। একপর্যায়ে গত ৩ এপ্রিল উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীরকে বদলির হুমকী দেওয়া হয়। ৪ এপ্রিল সকালেই কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কৃষি কর্মকর্তা আলমগীর কবীরকে রাঙামাটি জেলার বরকল উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে বদলির আদেশ সংক্রান্ত নোটিশ ইস্যু করা হয়।
বিষয়টি প্রকাশের পরপরই নানা মহলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ফার্টিলাইজার এসোসিয়েশন, কীটনাশক ডিলার থেকে শুরু করে বিভিন্ন মহল এর ব্যাপক সমালোচনা করে প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, খাদ্য উদ্বৃত্ত উপজেলায় কৃষকের স্বার্থে ভেজাল ও অনুমোদনহীন কীটনাশক বিক্রি বন্ধে অভিযানের প্রতিদানে একজন কৃষি কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলির আদেশ মেনে নেওয়ার মতো নয়। এতে করে ভেজাল কীটনাশক বিক্রেতারা উৎসাহিত এবং সৎ অফিসারগণ নিরুৎসাহিত হবেন। ইতিমধ্যেই বিসিআইসি ও বিএডিসি’র লাইসেন্সধারী সার ও কীটনাশক ব্যবসায়ী সংগঠন কৃষি কর্মকর্তার বদলির আদেশ স্থগিত চেয়ে বিভিন্ন মহলে পত্র প্রেরণ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে সাহা ট্রেডার্স এর সত্ত্বাধিকারী রিপন সাহা জানান, মাইক্রোভিট সরকার অনুমোদিত রাজিব এগ্রো ক্যামিকেলস এর পণ্য। মাইক্রোভিট অনুমোদন আছে কি না তা আমার জানা নেই। আমরা বৈধভাবে বৈধ কোম্পানীর কাছ থেকে চালান এর মাধ্যমে ক্রয় করে বিক্রি করছি। এসময় তিনি তাদের আলাদা বিক্রয় কেন্দ্র রয়েছে বলেও জানান।
অভিযানে অংশ নেওয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই আমরা সাহা ট্রেডার্সে অভিযান চালিয়েছি। এর আগেও একই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করতে গিয়ে আল্টিমা প্লাস নামে ভেজাল কীটনাশক পাওয়া যায়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এমন অভিযোগ বহুদিনের। এর আগেও নানা অভিযোগে একাধিকবার ওই প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর জানান, আমি কৃষকের স্বার্থে সবসময় আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। সরকারী চাকরীতে বদলির আদেশ একটি স্বাভাবিক প্রক্রিয়া। সরকারের সকল সিদ্ধান্তকে আমি সবসময় সম্মান জানাই।