
নালিতাবাড়ী (শেরপুর) : কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন দফতরে কীটনাশক, সার ও বীজ ব্যবসায়ীদের আবেদন এবং সংবাদ সম্মেলনের পর এবার কৃষি কর্মকর্তার স্ট্যান্ড রিলিজ স্থগিত চেয়ে রাস্তায় নেমেছেন কৃষকেরা।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশ কৃষক একত্রিত হয়ে উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন এবং শেষে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল করেছেন তারা। অনুমোদনহীন ও ভেজাল কীটনাশক ব্যবসায়ীকে শোকজ করার জেরে হুমকীর ২৪ ঘন্টার মধ্যেই শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর স্ট্যান্ড রিলিজ হওয়ার ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষও।
জানা গেছে, দীর্ঘদিন যাবত মানহীন, ভেজাল, অনুমোদনহীন এমনকি মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও বীজসহ কৃষি উপকরণ বিক্রির কারণে দফায় দফায় সতর্ক করার পরও নালিতাবাড়ী শহরের সাহা ট্রেডার্স তা মানছিল না। সবশেষ গত ২৯ মার্চ ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে জেলা ও উপজেলা কৃষি বিভাগ। এসময় অনুমোদনহীন কীটনাশক (মাইক্রোভিট ৮০ ডব্লিউ পি.) বিক্রিসহ অন্যান্য অনিয়মের কারণে মেসার্স সাহা ট্রেডার্সকে ৩০ মার্চ শোকজ করেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর। পরে বিষয়টি সমাধানে অনৈতিক প্রস্তাবসহ নানা কৌশলে ব্যর্থ হলে পরিবেশক এর পক্ষে রাজিব এগ্রো ক্যামিকেলস এর উর্ধতন কর্তৃপক্ষ উপজেলা কৃষি কর্মকর্তাকে মোবাইল ফোনে গত ৩ এপ্রিল বদলির হুমকী দেন। ৪ এপ্রিল উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীরের রাঙামাটি জেলার বরকল উপজেলায় তাৎক্ষণিক বদলির আদেশ হয়। এ নিয়ে স্থানীয় কৃষক থেকে সব মহলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন নালিতাবাড়ী ইউনিট এবং বাংলাদেশ বিএডিসি বীজ ও সার এসোসিয়েশন যৌথভাবে গত রোববার দুপুরে কৃষি কর্মকর্তা আলমগীর কবীরের স্ট্যান্ড রিলিজ স্থগিত চেয়ে সংবাদ সম্মেলন করেন। এর আগে তারা কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন দফতরে লিখিত আবেদন জানান।