1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঈশ্বরগঞ্জ: ‘গোডাউনে মজুদ থাকলে বাতাসে চালের ওজন কমে যায়’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

ঈশ্বরগঞ্জে (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৫ টাকা কেজি দরের চাল কম দেয়ার অভিযোগ সত্যতা যাচাই করতে গিয়ে ডিলারের পক্ষপাতিত্ব করার অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য গুদামের এএসআই প্রবাস চন্দ্র দাসের বিরুদ্ধে। এসময় তিনি বলেন, ৫০০ গ্রাম চাল ডিলার কম দিতেই পারে। আর ‘গোডাউনে চাল মজুদ থাকলে শাটার খুলে দিলে বাতাস ঢুকে। বাতাস ঢুকলে ৫০ কেজির বস্তা ৫০ কেজি থাকে না। চালের ওজন কমে যায়।’ এই ঘাটতি কি ডিলার জমি বিক্রি করে পুরণ করে দিবে?

মঙ্গলবার (১১ এপ্রিল) উপজেলার উচাখিলা ইউনিয়নে খাদ্য অধিদপ্তরের ১৫ টাকা কেজি দরের চাল বিতরণ চলছিল। হতদরিদ্রের ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও ২ কেজি করে কম দেয়ার অভিযোগ উঠে। এমন অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা খাদ্য বিভাগের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ও উপজেলা খাদ্য গুদামের এএসআই প্রবাস চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনে গিয়ে উপজেলা খাদ্য গুদামের এএসআই প্রবাস চন্দ্র দাস এমন কথা বলেন।

চাল নিতে আসা উপকারভোগীরা বলেন, এখান থেকে চাল নিয়ে অন্য যে কোন দোকানে মাপ দিলে দুই কেজি করে কম হয়। আজ বিষয়টি প্রমাণ করতে ওই ডিলারের উপস্থিতিতে পাশের একটি দোকানে চাল ওজন দিলে দুই কেজি কম হয়।

এ বিষয়ে উচাখিলা বাজারের ডিলার এমএ মালেক সরকার বলেন, এখান থেকে চাল নিয়ে বের হয়ে অন্য কোথাও হয়তো বিক্রি করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। আমি চাল ওজনে কম দেইনি।

একই দিনে ডিলার ওমর ফারুকের দোকানে গিয়েও দেখা যায়, সেখানেও ওজনে এক কেজি কম দেয়া হচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, বস্তা খুলে মাপ দিলে কিছুটা কম হতেই পারে।

বাতাসে চালের ওজন কমে যাওয়ার বিষয়টি অস্বীকার করে উপজেলা খাদ্য গুদামের এএসআই প্রবাস চন্দ্র দাস বলেন, আমরা আপনাদের কোন দিন অসম্মান করিনি। আপনি সময় পেলে আমার সাথে দেখা করবেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, চাল ওজনে কম দেয়ার অভিযোগ পাওয়ার পর উপজেলা খাদ্য বিভাগের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ও উপজেলা খাদ্য গুদামের এএসআই প্রবাস চন্দ্র দাস ঘটনাস্থলে পাঠানো হয়। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া ভোক্তভোগীদের লিখিত অভিযোগ দেয়ার কথা বলা হয়েছে। বাতাসে চালের ওজন কমে যায়, কথাটি যদি কেউ বলে থাকে, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com