
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ঘুমন্ত অবস্থায় আতর আলী (৩৫) নামে এক যুবক কর্তৃক শারীরিক প্রতিবন্ধী ও পিতৃহীন এক কিশোরীকে (১৩) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
গত ৪ এপ্রিল উপজেলার শালমারা গ্রামে ভুক্তভোগী ওই কিশোরীর বসতঘরে এই ঘটনার পর গত শুক্রবার রাতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত ওই গ্রামের আলাল উদ্দীনের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রায় নয় মাস আগে ভুক্তভোগী কিশোরীর পিতা মারা যান। এরপর থেকে শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে ভুক্তভোগীর মা স্বামীর বসতবাড়িতেই থাকতেন। পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে এলাকার আতর আলী প্রায়ই ভুক্তভোগী পরিবারের কাছে আসতো এবং সরকারি গুচ্ছ গ্রামের ঘর ও সরকারি বিভিন্ন অনুদান নিয়ে দেওয়ার আশ্বাস দিতো। একপর্যায়ে গত ৪ এপ্রিল সকাল সাড়ে আটটায় ভুক্তভোগী কিশোরীর মা গরুর জন্য ঘাস আনতে বাড়ির বাইরে যান। এ সুযোগে অভিযুক্ত আতর আলী ওই কিশোরীর ঘরে ঢুকে ঘুমিয়ে থাকা ওই কিশোরীকে জড়িয়ে ধরে এবং পড়নে থাকা সালোয়ার-কামিজ জোরপূর্বক খুলে ধর্ষণের চেষ্টা করে। এসময় কিশোরীর চিৎকার করলে তার মা ও আশপাশের লোকজন ছুটে এলে আতর আলী পালিয়ে যায়।
এদিকে এ ঘটনা কাউকে জানালে বা মামলা করলে ভুক্তভোগী ওই কিশোরী ও তার মাকে হত্যার হুমকি দেয় অভিযুক্ত আতর আলী ও তার বন্ধু সুজন মিয়া। ঘটনাক্রমে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী কিশোরীর ফুফাতো ভাই এই ঘটনা জানার পর শুক্রবার রাতে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী কিশোরীর মা জানান, আমার বড় মেয়ে ঢাকায় থাকে। বাপ মরা মেয়েটাকে নিয়ে কষ্টে সংসার চালাই। আতর আলী আমার প্রতিবন্ধী মেয়েটার সর্বনাশ করার চেষ্টা করেছে। এই ঘটনা কাউকে জানাইলে বা মামলা করলে আমাদের মেরে ফেলার হুমকি দিছে।
ভুক্তভোগীর ফুফাতো ভাই জানান, বৃহস্পতিবার রাতে ঘটনা জানার পর শুক্রবার রাতেই থানায় লিখিত অভিযোগ করেছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউসার জানান, দেরীতে হলেও ভুক্তভোগীর পরিবার আমাকে বিষয়টি জানালে আমি আইনী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বাদীপক্ষ বাদী পরিবর্তন করে মামলা দেওয়ার কথা। তারা পরিবর্তন করে দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।