
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (১৬ এপ্রিল) ভোররাতে পৌরসভাধীন কুর্শা বাদাগৌড় এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রোববার ভোররাতে নকলা-ফুলপুর আঞ্চলিক মহাসড়কের কুর্শাবাদাগৌড় এলাকায় ইটভাটার কাছে রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে ছিল। পরে ভোরে স্থানীয় লোকজন দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পথচারী হিসেবে রাতের কোন এক সময় তাকে গাড়ি চাপা দেয় এবং এতে ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, উদ্ধারকৃত মরদেহ থানা হেফাজতে রয়েছে। এখনো তার কোন নাম-পরিচয় পাওয়া যায়নি। ময়মনসিংহের সিআইডি ব্র্যাঞ্চের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের জানানো হয়েছে। প্রযুক্তির মাধ্যমে ওই বক্তির নাম-পরিচয় মিলবে।