
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে আমিনুল ইসলাম (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের মাদারপুর গড়পাড়া গ্রামের নিজ বসতঘরের ধরনার সাথে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমিনুল ওই এলাকার সাহের আলী ছেলে।
কিশোরের পিতা সাহের আলী জানান, দেড় বছর থেকে স্ত্রী-সন্তান নিয়ে ঢাকা খিলখেতে বসবাস করেন তিনি। প্রায় ১৫ দিন আগে আমিনুল উপজেলার মাদারপুর গড়পাড়া গ্রামে নানার বাড়ি বেড়াতে আসে। আমিনুলের মোবাইল না থাকায় অন্যের মোবাইল দিয়ে ৮-১০ দিন আগে সবশেষ কথা হয় তার। এরপর থেকে আর কোন যোগাযোগ হয়নি। কয়েকদিন আগে বাড়ি থেকে ফোন করে জানানো হয়, আমিনুলকে খোঁজে পাওয়া যাচ্ছে না। ভেবেছিলাম, আমার ছেলে কোথাও বেড়াতে গেছে। কিন্তু আজ রোববার খবর পেলাম নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় ওর মরদেহ পাওয়া গেছে।
নিহতের খালাতো ভাই শহিদুল ইসলাম জানান, সকালের দিকে হঠাৎ তাদের ঘর থেকে দুর্গন্ধ আসছিলো। একপর্যায়ে জানালা ভাঙ্গলে আমিনুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।