
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের মারামারিতে আহত রুবেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ এপ্রিল) রাত ৯ টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে একই দিন সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া গ্রামে দুই পক্ষের মারামারিতে রুবেল মিয়া গুরুতর আহত হন। মারা যাওয়া রুবেল মিয়া একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে ও নিঃসন্তান তাইজুল ইসলামের ভাতিজা।
সূত্রে জানা যায়, জাটিয়া গ্রামের বাসিন্দা তাইজুল ইসলামের কোনো সন্তান না থাকায় তিনি নিজের সম্পত্তি স্ত্রীর নামে লিখে দেন। এই নিয়ে ভাই ও ভাতিজাদের সঙ্গে বিরোধ চলছিল তাইজুল ইসলামের। ঘটনার দিন সকালে তাইজুল ইসলাম তার শ্যালককে নিয়ে নিজের জমিতে চাষ করা ধান কাঁটতে যান। এতে বাধা দেয় তাইজুল ইসলামের ভাই ও ভাতিজা রুবেলসহ অন্যরা। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে রুবেল মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে ওসি মোস্তাছিনুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।