1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

ঝিনাইগাতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণীকে ধর্ষণ চেষ্টা: ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

ঝিনাইগাতি (শেরপুর) : কলেজ পড়ুয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কলেজ পড়ুয়া তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল সোমবার (২৪ এপ্রিল) দুপুরে ঝিনাইগাতী থানায় উপস্থিত হয়ে ওই কলেজ ছাত্রী শাওনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে বিকেলে অভিযান চালিয়ে সীমান্তবর্তী বাকাকুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল শনিবার (ঈদের দিন) রাত এগারোটার দিকে কাংশা ইউনিয়নের গজনী অবকাশ এলাকায় ওই তরুণীর বাড়িতে গিয়ে তার মায়ের কাছে পান ও টিস্যু চান শাওন। এরপর প্রস্রাব করতে ঘর থেকে বের হয়ে উঠানে দাঁড়ানো ভুক্তভোগী তরুণীকে মুখ চেপে ধরে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে জোর করে ধর্ষণের চেষ্টাও করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন। এসময় ওই তরুণীর চিৎকার দিলে তার মা-বাবা ঘর থেকে বের হয়ে মেয়েকে রক্ষা করেন। মা-বাবার উপস্থিতি টের পেয়ে পালিয়ে আসার সময় শাওন তরুণীকে জীবন নাশের হুমকি দেন বলেও অভিযোগ করেন ওই তরুণী।

এদিকে এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উপজেলা শাখার চেয়ারম্যানের কাছে অভিযোগ করা হয়। ফলে থানায় অভিযোগ না দিয়ে আপোষের কথাও বলা হয় শাওনের পরিবারের পক্ষ থেকে।

স্থানীয়রা জানান, শাওন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকায় বালু ও পাথরের অবৈধ ব্যবসা চালিয়ে আসছেন। চার বছরের ব্যবধানে ঝিনাইগাতী সীমান্তে গড়ে তুলেছেন অবৈধ বালু ও পাথর ব্যবসার রমরমা সিন্ডিকেট। প্রতিরাতেই তার কর্মচারীরা সীমান্তের নদী থেকে বালু ও পাথর চুরি করে ট্রলিতে করে জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে। উচ্চপদস্থ নেতাদের নাম ভাঙিয়ে এসব কাজ করার কারণে তাকে কেউ বাঁধাও দিতে পারতেন না বলেও অভিযোগ রয়েছে। এসব বিষয়ে কেউ অভিযোগ করলে তাকে নানাভাবে হুমকি দিতেন ছাত্রলীগ নেতা শাওন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আদিবাসী বলেন, শাওন প্রতি রাতেই সীমান্তে আসতেন। শাওনের কু-নজর থেকে নিজেদের মেয়েদের নিয়ে দুঃশ্চিন্তায় থাকতে হতো সবাইকে। বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে শাওনের এসব অবৈধ ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রচার হলেও কোন কিছুর তোয়াক্কা করতেন না শাওন। উল্টো স্থানীয়দের নানাভাবে হয়রানি করতেন।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদ ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি রবেতা ম্রং জানান, নারী হয়ে নারীর ইজ্জতহানির এ বিষয় আমি কোনভাবেই সহ্য করি না, কোনদিন করিনি। আমাদের দলের নাম ভাঙিয়ে এসব অপরাধ আমরা কোনভাবেই মেনে নেব না। আমরা এ ঘটনার নায্য বিচার চাই।

ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশি জানান, ভুক্তভোগী তরুণীর বিষয়টি আমরা ঘটনার পরদিন (রোববার) জানতে পারি। এরপরই আমরা তাদের বাড়িতে গিয়ে ওই তরুণীর কাছ থেকে বিস্তারিত তথ্য নেই। আমরা এসোসিয়েশনের পক্ষ থেকেও এ ঘটনার সুষ্ঠু বিচার প্রত্যাশা করি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, সোমবার বিকেল চারটায় ভুক্তাভোগীর তরুণী নিজেই ঝিনাইগাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার এক ঘন্টার মধ্যে আমাদের কয়েকটি টিম অভিযান চালিয়ে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com