
আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওঁচা মঙ্গলবার রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের ৯ বছর পর মঙ্গলবার তিনি এ ঘোষণা দিয়েছেন।
প্রায়ুথের সেনা সমর্থিত ইউনাইটেড থাই নেশন পার্টি ১৪ মে জাতীয় নির্বাচনে পরাজিত হয়। এরপর থেকেই ধারণা করা হচ্ছিল, তিনি অবসরের ঘোষণা দিতে পারেন। নির্বাচনে পার্লামেন্টের ৫০০ আসনের মধ্যে মাত্র ৩৬টিতে জয় পেয়েছিল ইউনাইটেড থাই নেশন পার্টি। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রায়ুথ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
থাই রাজপরিবারের চরম ভক্ত হিসেবে পরিচিত সাবেক সেনাপ্রধান প্রায়ুথ। ২০১৯ সালে নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি জান্তার নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে তিনি পার্লামেন্টের মাধ্যমে আরও চার বছর প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে বিরোধীদের দাবি, এই নির্বাচন পাঁতানো ছিল।
মঙ্গলবার নিজের সাফল্যের বিবরণ দিয়ে প্রায়ুথ এক বিবৃতিতে বলেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমি প্রিয় জনগণের স্বার্থে জাতি, ধর্ম, রাজতন্ত্র রক্ষার জন্য কঠোর পরিশ্রম করেছি। বর্তমানে জনগণের জন্য এর ফল ভোগ করছে।’
তিনি আরো বলেছেন, ‘আমি স্থিতিশীলতা ও শান্তির জন্য দেশকে সব ক্ষেত্রে শক্তিশালী করার চেষ্টা করেছি এবং দেশীয় ও আন্তর্জাতিকভাবে অনেক বাধা অতিক্রম করেছি।’