
ঢাকা: করোনায় আক্রান্ত প্রায় ৮০০ রোগী সুস্থ হওয়ার পথে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিষ্ঠানটি বলছে, এই ব্যক্তিদের শরীরে এখন আর কোনো লক্ষণ বা উপসর্গ নেই।
শুক্রবার (১ মে) করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
সুস্থ হওয়ার পথে এই ৮০০ আক্রান্ত ব্যক্তি বাসা ও হাসপাতালে রয়েছেন বলেও জানান নাসিমা সুলতানা।
এর আগে তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭০ জনে। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫৭১ জন। ফলে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল আট হাজার ২৩৮ জনে।
এদিকে, এখন পর্যন্ত দেশে ১৭৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ জন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৩৩ লাখ ২২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ২ লাখ ৩৪ হাজারের বেশি মানুষের। এদিকে সুস্থ হয়েছেন ১০ লাখের বেশি আক্রান্ত মানুষ।