
নালিতাবাড়ী (শেরপুর) : তিন মাস ধরে বেতন বন্ধ রয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের পরিচ্ছন্নতাকর্মী সেলিম ও মালি জুয়েল এ দুই ভাইয়ের। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান না থাকায় দেওয়া যাচ্ছে না বলে তাদের জানিয়েছেন সদ্যবিদায়ী ইউএনও মাসুদ রানা। যদিও দেশের অন্যান্য উপজেলা পষিদের কর্মচারীরা বেতন পাচ্ছেন নিয়মিত।
জানা গেছে, ২০১১ সালের ১ মে মালি হিসেবে মাস্টার রোলে উপজেলা পরিষদের যোগদান করে শহরের কালিনগর মহল্লার মোহাম্মদ আলীর ছেলে জুয়েল। ২০১৬ সালের ১৯ মে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে যোগদান করে তারই ভাই সেলিম। দৈনিক ১৫০ টাকা হারে ভাতায় যোগদানের পর বর্তমানে ৫৫০ টাকা হারে দৈনিক ভাতায় সব ঠিকঠাক চলছিল তাদের। গত ৫ মে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই স্থানীয় সরকার বিভাগ উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। এরপর সেপ্টেম্বর থেকে আটকে যায় এ দুই সহেদরের বেতন। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত মোট তিন মাসের বেতন বন্ধ রাখেন সদ্যবিদায়ী ইউএনও মাসুদ রানা। বেতনহীন এ দুই ভাই মানবেতর জীবন-যাপন করে বারবার ইউএনও’র কাছে ধর্ণা দিলেও মন গলেনি ইউএনও’র। তবে ২৭ আগস্ট মাসিক সাধারণ সভায় তাদের ১০ দিনের বেতন অনুমোদন করেন তিনি। তাদের পক্ষ থেকে বারবার ইউএনওকে অনুরোধ করা হলেও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান না থাকায় বেতন দেওয়া যাচ্ছে না বলে জানানো হয় তাদের। তবে খোঁজ নিয়ে অন্যান্য উপজেলায় একই পদে নিয়োগকৃতদের বেতন নিয়মিত পরিশোধের তথ্য পাওয়া গেছে।
ভুক্তভোগীরা অভিযোগ করে জানায়, আমরা যেন বাধ্য হয়ে চলে যাই এবং এ পদে অন্য কাউকে তিনি তার পছন্দ মতো কাউকে নিয়োগ দিতে পারেন, সে জন্যই আমাদের বেতন বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে মতামত জানতে সদ্যবিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা মোবাইল ফোনে জানিয়েছেন, ওই দুই কর্মচারীকে বিধি অনুযায়ী বরখাস্ত করা হয়েছে। তারা যদি এ বিষয়ে প্রতিকার চায় তাহলে আদালতের শরণাপন্ন হতে পারে। তবে আমি যা করেছি তা বিধিমতো করেছি।