
শেরপুর : জুয়াড়ি বাবা সৎ ভাইদের ফাঁসাতে নিজ বাকপ্রতিবন্ধী কন্যাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ইতিমধ্যেই ওই কিশোরী কন্যা হত্যার দায়ে পিতা জমাদার মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেছেন কিশোরীর মা মারুফা বেগম। গত সোমবার (৬ জানুয়ারি) বেলা এগারোটার দিকে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের দশানিপাড়ায় নির্মম এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের দশানীপাড়ার জমাদার মিয়া এলাকার চিহ্নিত জুয়াড়ি। পারিবারিক একখন্ড জমি নিয়ে সৎ ভাই আব্দুল আজিজ ও আব্দুল হালিমের সাথে তার বিরোধ চলছিল। সোমবার সকালে নিজের বাকপ্রতিবন্ধী কিশোরী কন্যা সাদিয়াকে সাথে নিয়ে পার্শ্ববর্তী পয়স্তিরচরে সবজির মাঠে যান বাবা জমাদার মিয়া। এর কিছুক্ষণ পর ওই সবজির ক্ষেত থেকে সাদিয়ার গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে এ হত্যাকাণ্ডের পর থেকে জমাদার মিয়া পলাতক রয়েছে।
কামারেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান দুলাল জানান, জমাদার জুয়া খেলে সব শেষ করে এখন সৎ ভাইদের সম্পদ নিয়ে বিরোধ করছে। নিজের সৎ ভাইদের ফাঁসানোর জন্যই জমাদার এমন কাজ করেছে। কামারেরচর বাজারের
হোটেল মালিক হারুন অর-রশিদ জানান, আমার হোটেলে মেয়েটিকে সিংগারা খাওয়ায় জমাদার মিয়া। এরপর তারা মাঠের দিকে চলে। এসময় মেয়েটির হাতে একটা দা ছিল। এর কিছুক্ষণ পরই মেয়েটির লাশ পাওয়া যায়।
কৃষিশ্রমিক রফিকুল ইসলাম জানান, প্রতিবন্ধী মেয়েটাকে নিয়ে এ মাঠে আসে জমাদার মিয়া। এসময় মেয়েটির হাতে দা ছিল। এরপরই মেয়েটিকে কুপিয়ে হত্যা করে সে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জমাদার মিয়াসহ আরও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করা হয়েছে। মূল আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।