
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল এলাকার ভিতর থেকে অবৈধভাবে মিনি ড্রেজারে খনিজ সম্পদ উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে ময়মনসিংহ বন বিভাগ।
বুধবার (৮ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই রেঞ্জের পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি ও বুরুঙ্গা ওসমানের খোল এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় গভীর গর্ত খননের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি শ্যালুচালিত মেশিন, অসংখ্য পাইপ ও স্থাপনা ধ্বংস করে বন বিভাগ।
সূত্র জানায়, ময়মনসিংহ বন বিভাগের আওতায় মধুটিলা রেঞ্জের অধীনে সংরক্ষিত বনাঞ্চলের বাতকুচি টিলাপাড়া এলাকায় পুরনো ও পরিত্যক্ত বিট অফিসের কাছে পাহাড়ঘেঁষা আবাদি জমির ৪টি স্থানে শ্যালুচালিত ইঞ্জিন বসিয়ে প্রথমে বোরিং করে অবৈধ বালু উত্তোলনকারীরা। পরে বোরিং বা হাউজিং করা ওই গর্তের চারপাশ ভেঙে এবং প্রায় ৪০ ফুট পর্যন্ত গভীর করে মাটির গভীরে থাকা খনিজ সম্পদ সাদা বালু, লাল বালু, নুড়ি পাথর ও পাথরসহ ভূ-গর্ভস্থ নানা সম্পদ উত্তোলন করে। এরপর পাইপের মাধ্যমে তা পাশর্^বর্তী পাহাড়ি নদী চেল্লাখালীর ইজারাকৃত জায়গায় ফেলে। এখান থেকে পুনরায় আরেকটি ড্রেজারে করে অভিনব কায়দায় নদীর তীরে বালুর উত্তোলন করে তা চরা দামে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছে ওই চক্রটি।
স্থানীয় সূত্র জানায়, নকলা, ঝিনাইগাতি ও নালিতাবাড়ীর বিভিন্ন এলাকায় কতিপয় বালু ব্যবসায়ী এসব কাজের সাথে জড়িত। কখনো কখনো ঝামেলা এড়াতে রাজনৈতিক পরিচয় ব্যবহার এবং কখনো প্রভাবশালী কারও নাম বলে বেড়ায় এরা। কেউ বাধা দিলে দেয়া হয় হুমকী। এমতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে বুধবার দুপুরে ওই এলাকায় অভিযান চালানো হয়।