
মনজুরুল হক, স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি তার কর্মদক্ষতার ফলে জেলায় প্রথম স্থান অর্জন করেছেন। এবং সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাদের মাঝে ১ম স্থান অর্জন করেন নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা জনাব আনিসুর রহমান । রবিবার (২৯ জুন) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ২০২৪-২০২৫ অর্থ বছরে এক সেমিনারে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সূত্রে জানাযায়, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। ইউএনও ফারজানা আক্তার ববির ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এর নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে একাধিক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়, যার ফলে উপজেলায় বালু দস্যুদের দৌরাত্ম্য একদম কমে আসে। একই সঙ্গে পরিবেশ রক্ষা এবং নদী তীরবর্তী জনগণের স্বার্থ সংরক্ষণে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।
অন্যদিকে, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সঠিক তথ্য প্রদান ও সময়মতো রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বাড়ানো, প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা এবং নিবন্ধন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার কারণে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে নালিতাবাড়ী উপজেলা।
এ প্রসঙ্গে ইউএনও ফারজানা আক্তার ববি বলেন, “সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য। সবাই সহযোগিতা করলে আমাদের এই অর্জন আরও বহুগুণে বাড়বে।”