
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী ‘জুলাই জাগরণ’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২জুলাই) রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
ওই কর্মসূচিতে অংশ নেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের শীর্ষ নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা এখনো পূর্ণতা পায়নি।
তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি। বিচার ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে সেই লক্ষ্য অর্জন করতে হবে।”
সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায় প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, রায়টি শহীদ পরিবার ও আহতদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তিনি রাষ্ট্রপক্ষকে এ বিষয়ে আপিল করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত ঘটনাগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং কাঠামোগত সংস্কার বাস্তবায়ন এখনো অপরিহার্য।
নাহিদ ইসলাম দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটে গৃহীত সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতি পূরণ হয়নি। তিনি বলেন, “সংস্কার ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন ছাড়া জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়।”
জুলাই জাতীয় জাদুঘর এখনও চালু না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে তিনি দ্রুত তা চালুর দাবি জানান।
এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে অংশ নিয়ে জীবন উৎসর্গ করেছেন। শহীদ, আহত এবং অংশগ্রহণকারীদের প্রতি তিনি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।