
বান্দরবান: “সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রের গঠনমূলক পরিবর্তন হয়নি” এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রধান সমন্বয়ক ও আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৯ জুলাই) রাত ৯টায় ‘জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে বহু জাতিগোষ্ঠী যুগ যুগ ধরে বসবাস করছে। কিন্তু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর প্রণীত ’৭২-এর সংবিধান তাদের যথাযথভাবে অন্তর্ভুক্ত করতে পারেনি। সর্বোচ্চ নাগরিক মর্যাদাও দিতে ব্যর্থ হয়েছে। সেই মুজিববাদী সংবিধান ছিল একটি ফ্যাসিস্ট কাঠামো, যা সমাজে বিভাজন তৈরি করেছে।”
তিনি আরও বলেন, “মুজিববাদী আদর্শ মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, বাঙালি বনাম পাহাড়ি, এমনকি ধর্মীয় বিভাজনের মাধ্যমে সমাজকে বছরের পর বছর বিভক্ত করে রেখেছে। জুলাই গণঅভ্যুত্থান কেবল সরকার পতনের আন্দোলন ছিল না, এটি একটি নতুন রাষ্ট্রব্যবস্থা কায়েমের জন্য জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। একটি মানবিক, ন্যায্য রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানাই।”
সভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা রাষ্ট্রব্যবস্থা সংস্কার, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি গড়ে তোলা ও বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে মত দেন।
এনসিপি কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা বলেন, “বান্দরবানে পানি ও জমির সমস্যা দীর্ঘদিনের, কিন্তু এর সঠিক সমাধান মেলে না। এনসিপি এসব ইস্যুকে গুরুত্ব দিয়ে জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়।
তিনি বলেন, এই রাষ্ট্র কখনোই আমাদের ছিল না-এটা চাঁদাবাজ, মাফিয়া ও সিন্ডিকেটের নিয়ন্ত্রিত রাষ্ট্র। আমরা সব জাতিগোষ্ঠীকে নিয়ে একটি নতুন, জনগণের বাংলাদেশ গড়তে চাই।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গত ৫০ বছরে বান্দরবানে রাজনৈতিক দলগুলো নিজেদের চাঁদাবাজি ও ক্ষমতার ভাগ-বাটোয়ারা নিয়েই ব্যস্ত ছিল। যখন জনগণের সমস্যা তোলা হয়েছে, তখন দলীয় ব্যানারে সুযোগ দিয়ে বান্দরবানের মানুষকে বঞ্চিত করা হয়েছে। আমরা সেই দলীয় চাঁদাবাজ ও ক্যাডার বাহিনীর বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এই শক্তির মাধ্যমে আমরা ভবিষ্যতে তাদের হাতে লাল কার্ড তুলে দিতে প্রস্তুত।”
এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “বান্দরবানে জাতিসত্তাগুলোর চমৎকার সংমিশ্রণ থাকলেও তা এখনো সাংবিধানিক স্বীকৃতি পায়নি। ’৭২-এর সংবিধানের মাধ্যমে সবাইকে জোর করে ‘বাঙালি’ বানানোর চেষ্টা হয়েছে। আমরা চাই, ভবিষ্যতের বাংলাদেশে সব জাতিসত্তা, ভাষা ও ধর্মের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক।”
সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. শহীদুর রহমান সোহেল।
এ সময় কেন্দ্রীয় কমিটির সদস্য তাসনিম জারা, সামান্থা শারমিন, এসএম সুজা উদ্দিনসহ স্থানীয় ও জাতীয় নেতারা বক্তব্য দেন।
উল্লেখ্য, বিকেল ৫টায় বান্দরবান মুক্তমঞ্চে পথসভা শুরু হওয়ার কথা থাকলেও কক্সবাজার থেকে ফেরার পথে চকরিয়ায় দুর্বৃত্তদের বাধায় অনুষ্ঠান বিলম্বিত হয়। ফলে রাত সাড়ে ৮টার দিকে সভা শুরু হয়। সভাকে কেন্দ্র করে জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়।