1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

সমবায় আইন ভেঙে সদস্যদের প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে লাপাত্তা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : ক্ষুদ্র ব্যবসার কথা বলে সমবায় অধিদপ্তরের নিবন্ধন নিয়ে ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়ের আড়ালে তথ্য গোপন করে ফিক্সড ডিপোজিটের মাধ্যমে সদস্যদের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। ফলে জমানো টাকা উদ্ধারে দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীরা। টাকা আত্মসাতের এমন অভিনব কৌশল করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

খোঁজ নিয়ে জানা গেছে, নালিতাবাড়ী সদর ইউনিয়নের আমবাগান বাজার এলাকায় ‘সেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ’ নামে একটি সমিতি ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন ওই এলাকার কতিপয় যুবক। এর সভাপতির দায়িত্ব পালন করেন আবু নাঈম, সেক্রেটারি শাহীনূর ইসলাম এবং কোষাধ্যক্ষ এমদাদুল হক। তবে মূলত নাঈম ও এমদাদুল সমিতির নামে টাকা আত্মসাতের কৌশল করে। উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে নিবন্ধন নিয়ে সরকারের শর্ত ভেঙে তথ্য আড়াল করে সঞ্চয় ও ঋণ কার্যক্রমের পাশাপাশি শুরু করে ফিক্সড ডিপোজিট স্কীম। আত্মীয়-স্বজনসহ বিশ^স্তদের কাছ থেকে মোটা অংকের ফিক্সড ডিপোজিটের নামে কিছুদিনের মধ্যেই হাতিয়ে নেয় প্রায় অর্ধকোটি টাকা। তবে বার্ষিক অডিটে এসব তথ্য গোপন করা হয়। একপর্যায়ে ২০২২ সালের দিকে সমিতির কার্যক্রম বন্ধ করে দেয় তারা। লাপাত্তা হয় কোষাধ্যক্ষ এমদাদুল হক। এসময় সদস্যরা তাদের জমানো টাকা ফেরত চাইলে সভাপতি আবু নাঈম টালবাহানা করেন এবং কোষাধ্যক্ষ এমদাদুলের প্রতি অভিযোগের আঙ্গুল তুলেন। একপর্যায়ে এমদাদুলের বিরুদ্ধে আদালতে প্রায় ১৯ লাখ টাকা আত্মসাতের মামলাও ঠুকে দেন আবু নাঈম।

এদিকে সমিতির কার্যক্রম বন্ধ রাখায় এবং কোনপ্রকার মূলধন দেখাতে না পারায় ২০২৪ সালে সমিতির নিবন্ধন বাতিল করে সরকার। তবে থেমে থাকেনি আবু নাঈম। নতুন করে নিবন্ধন ছাড়া ‘আমবাগান বাজার সঞ্চয় ঋণদান সমিতি’ নামে আরও একটি সূদভিত্তিক সমিতি গড়ে তোলেন এলাকায়। নির্বিঘেœ চালিয়ে যাচ্ছেন সমিতির নামে প্রতারণার আরও এক নতুন ফাঁদ।

স্থানীয়রা জানান, নাঈম ও এমদাদুল মিলে সমিতির নামে এলাকায় সুদের ব্যবসা শুরু করে। অনেক সদস্যকে লাভের প্রলোভনে ফেলে লাখ লাখ টাকা আত্মসাত করেছে। এক সমিতির নিবন্ধন বাতিল হওয়ায় এবং ওই সমিতির সদস্যদের বিপুল পরিমাণ টাকা আত্মসাতের পর পুনরায় নিবন্ধন বিহীন আরেক নামে সমিতি খোলে প্রতারণার নতুন ফাঁদ তৈরি করেছে চক্রটি। এদের এখনই প্রতিরোধ করতে না পারলে ভবিষ্যতে আরও মানুষ প্রতারণার শিকার হবে।

ভুক্তভোগী সাইদুল ইসলাম হাসান বলেন, আমার তিন লাখ ও ভাইয়ের তিন লাখ টাকা আমরা সমিতিতে রাখি। এখন চাইলে টালবাহানা করে। সভাপতির কাছে গেলে ক্যাশিয়ারের কথা বলে। ক্যাশিয়ার বর্তমানে পলাতক।

আরেক ভুক্তভোগী রেজাউল করিম জানান, আমার ৫ লাখ, আমার স্ত্রীর এক লাখ এবং ডিপোজিট ৩২ হাজার টাকা সমিতিতে জমা রাখি। সভাপতি নাঈম ও কোষাধ্যক্ষ এমদাদুল লাভ দেবে এবং টাকা খোয়া যাবে না বলে প্রতিশ্রুতি দিয়ে টাকা নেয়। কিন্তু এখন টাকা চাইলে সভাপতি বলে মামলা করে টাকা নিতে। আর ক্যাশিয়ার পালিয়েছে।

অপর ভুক্তভোগী সুরাইয়া ইয়াসমিন বলেন, আমার স্বামী এই সমিতিতে দুই লাখ টাকা রেখে মারা গেছেন। এক লাখ টাকা তারা দিয়েছে। বাকী এক লাখ টাকা কে দিবে, এখন স্বীকার যায় না। আমি দুই সন্তান নিয়ে কষ্টে আছি।

ভুক্তভোগী মেহেদী ইমাম জানান, ২০১৮ সালে আমবাগান বাজারে ‘সেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ’ প্রতিষ্ঠা করা হয়। গত চার বছর খুব ভালোভাবে তারা সমিতি চালিয়েছে এবং আত্মবিশ^াস তৈরি করে। একপর্যায়ে ফিক্সড ডিপোজিটের নামে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছে।

তিনি বলেন, আমার কাছ থেকে বইয়ের মাধ্যমে ৬ লাখ এবং স্ট্যাম্পে লিখিত করে আরও ২০ লাখ টাকা নিয়েছে। এখন তারা সমিতি বন্ধ করে টাকাগুলো আত্মসাত করার পায়তারা করছে। আমরা বিভিন্ন মহলে অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছি না।

এদিকে অভিযোগের বিষয়ে মতামত জানতে সভাপতি আবু নাঈমের এলাকায় গেলে তাকে পাওয়া যায়নি। ফোনে মতামত চাইলে হালুয়াঘাট আছেন বলে জানান। পরবর্তীতে তার ব্যবহৃত নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

উপজেলা সমবায় কর্মকর্তা আমির হোসেন জানান, ওই সমিতি নিয়মের বাইরে গিয়ে আমাদের কাছে তথ্য গোপন করে ফিক্সড ডিপোজিট করে লাখ লাখ টাকা নিয়েছে। সবশেষ অডিটে কোন মূলধন দেখাতে না পারায় নিবন্ধন বাতিল করা হয়েছে। নতুন করে যে সমিতি চালু করেছে তার নিবন্ধন নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com