
বাংলার কাগজ ডেস্ক : গত ১৪ অক্টোবর রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান অন্তত ১৬ জন। রাসায়নিক গুদাম থেকে ছড়িয়ে পড়া আগুন মুহূর্তেই পাশের একটি কারখানায় পৌঁছে যায়। এরপর থেকেই আতঙ্কে স্থানীয়রা।
শিয়ালবাড়ি এলাকার বাসিন্দাদের অভিযোগ, শুধু আলম কেমিক্যাল গুদামই নয়—আশপাশে আরও কয়েকটি রাসায়নিক গুদাম রয়েছে। তারা জানান, আগুনে পুড়ে যাওয়া ভবনের পাশেই ১ নম্বর সড়কের একটি ভবনের নিচতলায়ও মজুত আছে দাহ্য রাসায়নিক পদার্থ।
এদিকে শেয়ালবাড়ির ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পরে আশপাশের বেশিরভাগ গুদামেই এখন ঝুলছে তালা। শ্রমিকদের ছুটি দিয়ে সটকে পড়েছেন মালিকরাও।
পুড়ে যাওয়া কেমিক্যাল গুদামের পাশে রয়েছে ন্যাম ট্রেডিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এবং ডাইসিন ক্যাম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যদিও ডাইসিনের ম্যানেজারের দাবি, তাদের গুদামে কেমিক্যাল থাকলেও বিস্ফোরক কিছু নেই। তিনি বলেন, “প্রতিটি নিয়ম মেনেই আমরা কাজ করি। এখানে নিয়মিত মহড়া হয়।”
স্থানীয়দের অভিযোগ, সরকারের পক্ষ থেকে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। তাদের প্রশ্ন—যদি কার্যকর নজরদারি থাকত, তবে আবাসিক এলাকায় এতগুলো কেমিক্যাল গুদাম কীভাবে গড়ে উঠল?
মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় রাস্তার দুই পাশে সারি সারি ভবনে গোপনে চলছে রাসায়নিক মজুদের কাজ। বেশিরভাগ ভবনের নিচতলায় ঝুলছে তালা, বাইরে নেই কোনো সাইনবোর্ড। এর মধ্যে একটি ভবনে উঁকি দিলেই দেখা যায়, ভেতরে স্তূপ করে রাখা কেমিক্যালের ড্রাম। খোঁজ নিয়ে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া গুদামের মালিক শাহ আলমেরও গুদাম আছে আরও একটি। সেই ভবনটির বাকি ফ্লোরগুলোতে রয়েছে কারখানা ও কয়েকটি পরিবারের বসবাস।
অগ্নিকাণ্ডের পর থেকে পলাতক শাহ আলম। রূপনগরে তার বাসায় গিয়েও পাওয়া যায়নি তাকে। পুলিশ জানিয়েছে, তারা মালিককে খুঁজছে।
এদিকে শ্রম মন্ত্রণালয় গঠিত একটি তদন্ত কমিটি ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ শুরু করেছে। কারণ অনুসন্ধানের পাশাপাশি আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম সরাতে করনীয় নিয়েও ভাবছেন তারা। কমিটির আহ্বায়ক লস্কার তাজুল ইসলাম বলেন, “আমাদের সুপারিশ থাকবে, এই সব কেমিক্যাল গুদাম নির্দিষ্ট স্থানে স্থানান্তর করা। আলাদা কেমিক্যাল পল্লী গড়ে তুললে ঝুঁকি অনেকটাই কমবে।”
তিনি আরও জানান, সরকার এর আগে কেমিক্যাল গুদাম সরানোর সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়িত হয়নি।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, মিরপুর ছাড়াও রাজধানীতে এমন রাসায়নিক গুদামের সংখ্যা ৩০ হাজারের বেশি। এর মধ্যে অন্তত সাড়ে চার হাজার গুদাম অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।
সূত্র : চ্যানেল 24