
বাংলার কাগজ ডেস্ক : সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করে আনা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে ১৪ বছর আগে দেওয়া রায় পুরোটাই বাতিল করেছেন আপিল বিভাগ। ওই রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর ও এ-সংক্রান্ত রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন নিষ্পত্তি করে বৃহস্পতিবার রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। রায়ে বলা হয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার-সম্পর্কিত বিধানাবলি এ রায়ের মাধ্যমে পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হলো।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত বিধানাবলি ভবিষ্যৎ প্রয়োগ যোগ্যতার ভিত্তিতেই কার্যকর হবে বলে রায়ে এসেছে। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছিলেন আইনজীবীরা। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশের রাজনীতিতে আলোচিত বিষয়গুলোর একটি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। এটি কেবল একটি প্রশাসনিক কাঠামোর প্রশ্ন নয়, বরং দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থাহীনতা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে বিশ্বাস-অবিশ্বাসেরও একটি প্রতিফলন। মূলত ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার কারণেই বাংলাদেশের নির্বাচনি রাজনীতির ইতিহাসে, তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার ধারণার জন্ম।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারকের পূর্ণাঙ্গ আপিল বিভাগ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য ৬ বিচারক হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
রায়ে সর্বোচ্চ আদালত বলছেন, ১৪ বছর আগে আপিল বিভাগের দেওয়া রায়টি ‘একাধিক ত্রুটিতে ত্রুটিপূর্ণ’ বলে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। সেই রায় সম্পূর্ণভাবে বাতিল করা হল। আপিল বিভাগ বলেছে, সংবিধানের চতুর্থ ভাগের পরিচ্ছদ ২ (ক)-এর নির্দলীয় সরকার সম্পর্কিত বিধানবলি, যা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইনের ৩ ধারায় সন্নিবেশিত হয়েছিল, এই রায়ের মাধ্যমে তা পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হলো। তবে সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিধানবলি কেবল ভবিষ্যৎ প্রয়োগযোগ্যতার ভিত্তিতে কার্যকর হবে।
রায় ঘোষণার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জয়নুল আবেদীন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যে ফিফটি এইট ওয়ান অ্যান্ড ফিফটি এইট টু আবার পুনর্বহাল হলো। এর অর্থ হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার ফিরে এলো। বিএনপি এই রায়ে খুশি কি না প্রশ্ন করা হলে জয়নুল আবেদীন বলেন, অবশ্যই। আমরা মনে করি যে এটি খুশি না, খালি ঈদের দিন আমাদের মনে হচ্ছে। তার কারণ বিএনপিই খালি খুশি না, সারা জাতি খুশি।
বিএনপির আরেক আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালত বলেছে, এর কার্যকারিতা প্রস্পেক্টিভলি। এর ব্যাখ্যায় তিনি বলেন, আমরা বলেছিলাম যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, যারা ইতিমধ্যে ফেব্রুয়ারি ২০২৬ এর মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা নির্বাচনি প্রক্রিয়া চালাচ্ছেন। আজকের রায়ের মাধ্যমে এটি স্পষ্টত হয়ে গেল যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো, তার অধীনে আসন্ন নির্বাচনটি হবে না। এই রায়ের কার্যকারিতা হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরে।
জামায়াতে ইসলামীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, এই রায় ঘোষণার ভিত্তিতে থার্টিন্থ অ্যামেন্ডমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরুজ্জীবিত হলো। ইংরেজিতে বলেছেন রিভাইভড অ্যান্ড রেস্টোর্ড এবং এই রিভাইভ এবং রেস্টোর্ডটা কখন কার্যকর হবে, সেটি বলেছেন সাবজেক্ট টু এনফোর্সমেন্ট অব আর্টিকেল ফিফটি এইট বি অ্যান্ড ফিফটি এইট সি। এর অর্থ হলো, সংসদ ভেঙে যাওয়ার পনেরো দিনের ভেতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এখন যেহেতু সংসদ নেই, ভেঙে যাওয়ার পনেরো দিনের ভেতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কোনো বিধানও আপাতত কার্যকর হবে না।
পঞ্চদশ সংশোধনী মামলায় আপিল বিচারের অপেক্ষায় আছে; সেখানেও তত্ত্বাবধায়ক ফেরানোর প্রশ্ন আছে। দুই রায় সাংঘর্ষিক হবে কি না প্রশ্ন করা হলে শিশির মনির বলেন, ‘পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে অ্যামেন্ডমেন্ট আনা হয়। এই অ্যামেন্ডমেন্টটাকে আমাদের হাইকোর্ট ডিভিশন বাতিল ঘোষণা করেছেন। আংশিকভাবে তত্ত্বাবধায়ক সংক্রান্ত পুরাটাকেই বাতিল করেছেন।’
তত্ত্বাবধায়ক সরকার কেমন হবে প্রশ্ন করলে শিশির মনির বলেন, এখন তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন আছে, সেখানে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিসই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। কিন্তু এটি বর্তমানে কার্যকর হচ্ছে না। আপনারা ইতিমধ্যে জানেন যে জুলাই চার্টারে যেটিকে গণভোটে পাঠানো হচ্ছে, সেখানে চারটি অপশন দেওয়া হয়েছে। এই চারটি অপশন যদি গণভোটে একসেপ্টেড হয়, তা হলে নতুন পার্লামেন্টে, সংবিধান সংস্কার সভায় যদি এটি গৃহীত হয়, তা হলে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেটে আমূল পরিবর্তন আসতে পারে। এটি জুলাই সনদ গণভোটে গৃহীত হলো কি না, তার ওপর পরিবর্তন নির্ভর করবে জানিয়ে তিনি বলেন, একসেপ্ট হওয়ার পরে সংবিধান সংস্কার সভা ওই ফরমেটটাকে গ্রহণ করল কি না, যদি গ্রহণ করে তা হলে বর্তমান ফরমেট সেখানে চতুর্থ অপশন হিসেবে আছে, প্রথম অপশন হিসেবে নেই।
বদিউল আলম মজুমদারের আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, ৫৮(গ) ধারা দেখিয়ে আমি আদালতকে বলেছিলাম যে উনাদের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলেও এটিকে অবিলম্বে কার্যকর করা সম্ভব নয়, কারণ ৫৮(গ) ধারায় সুস্পষ্টভাবে লেখা আছে যে সংসদ ভেঙে দেওয়ার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হবে। আমাদের সংসদ এক বছরেরও বেশি আগে ভেঙে দেওয়া হয়েছে। কাজেই এখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কোনো সুযোগ নেই।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হওয়ার পর দেশ গণতন্ত্রের মহাসড়কে হাঁটবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, তাতে দেশের গণতন্ত্রের কবর রচিত হয়েছিল। দেশের মানুষ ভবিষ্যতে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, আজকে একটি ঐতিহাসিক রায় হয়েছে। দীর্ঘদিন সংগ্রাম করার পর তত্ত্বাবধায়ক সরকার পাওয়া গিয়েছিল। এটি ভোটের নিশ্চয়তা দিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের আমলে কয়েকটি সুষ্ঠু নির্বাচন দেখা গিয়েছিল। ক্ষমতাসীন দল পরাজিত হতো। এটি স্বাভাবিক মনে হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সাবেক একজন বিচারপতির নেতৃত্বে রায় দিয়ে এটিকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। তারপর এর সুযোগ নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটিকে বাতিল করে। অধ্যাপক আসিফ নজরুল বলেন, প্রথমে পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষিত হয়েছে মাস দুয়েক আগে এক রায়ে। আর আজকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক অত্যন্ত প্রশ্নবিদ্ধভাবে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ বলে যে রায় দিয়েছিলেন, সেটি বাতিল হয়েছে।
আইন উপদেষ্টা আরও বলেন, এ মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত হয়েছে বলতে পারি। কিন্তু এটি কার্যকর হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে। কারণ, সংসদ ভেঙে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার হয়। এখন সংসদের অস্তিত্ব নেই। উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক আগামীতে যে সংসদ গঠিত হবে, সেই সংসদ যখন ভেঙে যাবে, তারপর ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে।
তত্ত্বাবধায়ক সরকার বৃত্তান্ত : তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার জন্ম হয়েছিল এক বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে। অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থার সঙ্গে দেশের মানুষের পরিচয় হয়েছিল তিন দশকেরও বেশি সময় আগে। সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতনের পর পঞ্চম জাতীয় নির্বাচন আয়োজনে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠন করা হয়েছিল অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার। তবে তখন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ ছিল না।
এরশাদের পতনের পর ১৯৯১ সালের নির্বাচন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি অনানুষ্ঠানিক অন্তর্বর্তী সরকারের অধীনে হলেও ১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ পরিস্থিতি পাল্টে দেয়। ১৯৯৬ সালে ক্ষমতাসীন দলের অধীনে কোনোভাবেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এই অভিযোগ তুলে আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী দলগুলো তীব্র আন্দোলন শুরু করে। আন্দোলনের মুখে ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে সাংবিধানিক রূপ দেওয়া হয়। যেখানে বলা হয়েছিল, নির্বাচিত সরকারের মেয়াদ শেষে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ক্ষমতা গ্রহণ করবে, যার প্রধান কাজ হবে পরবর্তী তিন মাস বা ৯০ দিনের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিত করা। এই ব্যবস্থার অধীনে ১৯৯৬ সালের ১২ জুন, ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচন হয় তত্ত্ববধায়ক সরকারের অধীনে।
১৯৯৬ সালের ক্রয়োদশ সংশোধনী আইন অনুযায়ী দুইভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার সুযোগ ছিল। কোনো কারণে সংসদ ভেঙে দেওয়া হলে তার ১৫ দিনের মধ্যে এবং সরকারের মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাওয়ার পর ১৫ দিনের মধ্যে। ওই আইনে বলা ছিল, তত্ত্বাবধায়ক সরকার ১১ সদস্যের বেশি হবে না। এর মধ্যে একজন প্রধান উপদেষ্টা এবং অনধিক ১০ জন উপদেষ্টা থাকবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি অন্য উপদেষ্টাদের নিয়োগ দেবেন। একজন উপদেষ্টার সংসদের সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে; তিনি কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো সংগঠনের সদস্য হবেন না; পরের সংসদ নির্বাচনে প্রার্থী না হওয়ার লিখিত সম্মতি দেবেন এবং তার বয়স ৭২ বছরের বেশি হবে না।
সর্বশেষ অবসরে যাওয়া প্রধান বিচারপতি হবেন এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। যদি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে পাওয়া না যায় অথবা তিনি যদি দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান, তা হলে তার ঠিক আগে অবসরে যাওয়া প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা করা হবে। যদি কোনো অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে পাওয়া না যায় অথবা তিনি যদি দায়িত্ব নিতে অসম্মতি জানান, তা হলে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারকদের মধ্যে যিনি সর্বশেষে অবসরে গেছেন, তাকে আমন্ত্রণ জানানো হবে। আপিল বিভাগের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে না পাওয়া গেলে বা তারা কেউ প্রধান উপদেষ্টা হতে রাজি না হলে রাষ্ট্রপতি প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে কোনো ব্যক্তিকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেবেন। সেভাবেও যদি কাউকে না পাওয়া যায়, তা হলে রাষ্ট্রপতি তার স্বীয় দায়িত্বের অতিরিক্ত হিসেবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বভার নেবেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সপ্তম ও অষ্টম জাতীয় নির্বাচন অনেকটা গ্রহণযোগ্য হলেও ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়েই বাধে বিপত্তি। সংবিধানের বিধান অনুযায়ী সে সময়ের সদ্য বিদায়ি প্রধান বিচারপতি কে এম হাসানকে মেনে নিতে রাজি ছিলেন না। এ নিয়ে এক নৈরাজ্যকর পরিস্থিতিতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ নেন। পরে ২০০৭ সালে ১১ জানুয়ারি ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার শপথ নেয়। তবে এই সরকার ক্ষমতায় থাকে প্রায় দুই বছর। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারে অধীনে নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকার গঠন করে।
রাজনৈতিক বিতর্কের মুখে বাতিল
বাংলাদেশে ২০০৬ সালের পর থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার কাঠামো নিয়ে জটিলতা তৈরি হয়। বিশেষ করে প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তুমুল বিরোধ দেখা দেয়। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশে জরুরি অবস্থা জারি হয় এবং একটি সেনাসমর্থিত বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয়, যা পরবর্তী সময়ে ১/১১ সরকার নামে পরিচিত হয়। এই সরকার দীর্ঘ দুই বছর ক্ষমতায় থেকে নিজেদের সাংবিধানিক এখতিয়ারের বাইরেও কাজ করে। এমন প্রেক্ষাপটে ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ। ওই রায়ে বলা হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অর্থাৎ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইন অগণতান্ত্রিক এবং তা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। এরপর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা স্থায়ীভাবে বাতিল করা হয়।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হওয়ার পর, বাংলাদেশে ক্ষমতাসীন দলের অধীনেই ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়। এই নির্বাচনগুলোর গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা নিয়ে দেশের ভেতরে ও বাইরে ব্যাপক বিতর্ক রয়েছে। প্রধান বিরোধী দলগুলো সবসময়ই অভিযোগ করেছে যে ক্ষমতাসীন দলের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাদের মতে, এই ব্যবস্থায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ক্ষমতাসীন দলের প্রভাবের কারণে ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না।
২০০৭ সালের ১১ জানুয়ারি শপথ নেওয়া ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকে প্রায় দুই বছর। এই বাড়তি মেয়াদও পরে সংবিধানে বৈধতা দেওয়া হয়। এদিকে আওয়ামী লীগের আগের সরকারের সময়ে ১৯৯৮ সালে ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী। পরে বিএনপি সরকারের সময়ে ২০০৪ সালের ৪ আগস্ট সেই রিট খারিজ হলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বৈধই থাকে। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ২০০৫ সালে আপিল করেন রিট আবেদনকারীরা। আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে ২০১০ সালের ১ মার্চ আপিল বিভাগে ত্রয়োদশ সংশোধনী মামলার শুনানি শুরু হয়। শুনানিতে আপিল আবেদনকারী এবং রাষ্ট্রপক্ষ ছাড়াও অ্যামিকাস কিউরি হিসেবে শীর্ষস্থানীয় ৮ জন আইনজীবী বক্তব্য দেন। তারা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দেন। এমনকি তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও এর পক্ষে মত দেন। ওই আপিল মঞ্জুর করে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয়। তখন প্রধান বিচারপতি ছিলেন এ বি এম খায়রুল হক।
পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার আগেই ২০১১ সালের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিলুপ্তিসহ ৫৫টি সংশোধনীসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী প্রস্তাব জাতীয় সংসদে পাস হয়। একই বছরের ৩ জুলাই তাতে অনুমোদন দেন রাষ্ট্রপতি। রাজনৈতিক পটপরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ আবেদন জমা পড়ে।
গত বছরের ২৭ আগস্ট একটি আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান। একই বছরের ১৬ অক্টোবর আরেকটি আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ২৩ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও একটি রিভিউ আবেদন করেন। এ ছাড়া নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনও আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছর একটি আবেদন করেন। এ চার রিভিউ আবেদনের একসঙ্গে শুনানি শেষে গত ২৭ আগস্ট আপিল বিভাগ নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। ২১ অক্টোবর আপিলের শুনানি শুরু হয়। টানা ১০ দিন শুনানি শেষে দেশের সর্বোচ্চ আদালত এ মামলার রায়ের জন্য ২০ নভেম্বর দিন রাখে।
এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তিসংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দেয়। ফলে তখনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার ফেরার পথ তৈরি হয়। এবার ত্রয়োদশ সংশোধনী মামলায় আপিল বিভাগের রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহাল হলো।
জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের নয়া ফর্মুলা : আগামীতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠন করা হবে, সে বিষয়ে স্পষ্ট ফর্মুলা দেওয়া হয়েছে জারিকৃত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’-এ। বিশেষ করে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে কীভাবে বাছাই করা ও নিয়োগ দেওয়া হবে; সে সম্পর্কে কয়েকটি ধাপের প্রক্রিয়া উল্লেখ রয়েছে। প্রধান উপদেষ্টা কে হতে পারবেন, কে হতে পারবেন না সেটিও বলা আছে জুলাই সনদে।
জুলাই সনদে বলা হয়েছে, সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান যুক্ত করা হবে। পাঁচ সদস্যের সমন্বয়ে একটি ‘নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি’ গঠিত হবে। এই কমিটির সদস্য হবেন- প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার (বিরোধী দলের) এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি। কমিটির যেকোনো বৈঠক ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জাতীয় সংসদের স্পিকার সভাপতিত্ব করবেন। উল্লেখ্য, জুলাই সনদে বলা হয়েছে- সংসদের ডেপুটি স্পিকার মনোনীত হবেন প্রধান বিরোধীদল থেকে।
সনদে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা পদে রাষ্ট্রপতিকে বাছাই করা যাবে না। প্রধান উপদেষ্টার বয়স ৭৫ বছরের বেশি হতে পারবে না। এ ছাড়া বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে ৯০ দিন। তবে দৈব দুর্বিপাকে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে আরও সর্বোচ্চ ৩০ দিন দায়িত্ব পালন করতে পারবে।
জাতীয় ঐকমত্য কমিশন প্রায় ৯ মাস ধরে রাজনৈতিক দল-জোটগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি নির্ধারণ করেছে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের বিষয়ে আলোচনায় অংশগ্রহণকারী সব দল-জোটই একমত হয়েছে। তবে প্রধান উপদেষ্টা বাছাই প্রক্রিয়ার কোনো কোনো ধাপের প্রক্রিয়ার বিষয়ে দলগুলোর কারও কারও ‘নোট অব ডিসেন্ট’ বা ‘ভিন্নমত’ রয়েছে। এই ভিন্নমত দেওয়ার তালিকায় বিএনপিও রয়েছে। যেমন একটি স্তরের প্রক্রিয়ার বিষয়ে ভিন্নমত দিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এই স্তরটি জাতীয় সংসদ কর্তৃক নির্ধারণ করা যেতে পারে। আবার কোনো কোনো স্তরের প্রক্রিয়ায় আপত্তি জানানো দল-জোটগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, উক্ত স্তরের প্রক্রিয়ার বিষয়ে তারা তাদের নির্বাচনি ইশতেহারে উল্লেখ করবে, জনগণের ম্যান্ডেট পেলে সেই হিসেবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদেও ভিন্নমতের বিষয়টি উল্লেখ ছিল। কোন স্তরের কোন প্রক্রিয়া সম্পর্কে কতটি দল একমত, কতটি দলের ভিন্নমত, কী ভিন্নমত- সেটি উল্লেখ ছিল সনদে। তবে গত ২৮ অক্টোবর ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের যেই সুপারিশ দাখিল করেছে, সেটির সঙ্গে জমা দেওয়া জুলাই সনদের কপিতে এসব ‘ভিন্নমত’ রাখা হয়নি, যা নিয়ে আপত্তি তুলেছে বিএনপিসহ দলটির মিত্র দল-জোটগুলো।
জারিকৃত আদেশ অনুযায়ী ফেব্রয়ারিতে সংসদ নির্বাচনের দিনেই একত্রে পৃথক ব্যালটে গণভোট অনুষ্ঠিত হবে। চারটি বিষয়ে অনুষ্ঠিত হবে গণভোট। এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে জনগণ মতামত জানাবেন। চারটি বিষয়ের প্রথমটিই (ক) হলো- ‘নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।’ অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে জুলাই সনদে যেই ফর্মুলা উল্লেখ রয়েছে, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে পরবর্তীতে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এ ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করে সেই ফর্মুলাই অন্তর্ভুক্ত করা হবে।