1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

রেফারিকে ‘চোর’ বলে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের ম্যাচ চলাকালে লাইভ সম্প্রচারে রেফারিকে ‘চোর’ আখ্যা দেওয়ায় নিষিদ্ধ হয়েছেন প্যারাগুয়ের জনপ্রিয় ধারাভাষ্যকার হোর্হে ‘চিপি’ ভেরা। শৃঙ্খলাভঙ্গের দায়ে টুর্নামেন্টের বাকি অংশের জন্য তার অ্যাক্রেডিটেশন বাতিল করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তুরস্কের বিপক্ষে প্যারাগুয়ের একটি ম্যাচে রেফারির লাল কার্ড দেখানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে তিনি ফিফা কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছিলেন।

জানা যায়, গ্রুপ ‘ডি’-এর ওই ম্যাচে মাতিয়াস গালারসার একমাত্র গোলে তুরস্ককে ১-০ ব্যবধানে হারায় প্যারাগুয়ে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরন সরাসরি লাল কার্ড দেখলে ম্যাচটি নাটকীয় মোড় নেয়। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখার কারণে রেফারি ইভান বার্টন সিসনেরোস তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন।

মূলত খেলোয়াড়দের মুখ ঢেকে বর্ণবাদী বা সমকামীবিদ্বেষী মন্তব্য করা ঠেকাতে বিশ্বকাপের ঠিক আগেই এই নতুন নিয়ম চালু করে ফিফা। চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের উদ্দেশে বেনফিকার জিয়ানলুকা প্রেস্টিয়ানির বর্ণবাদী মন্তব্যের পর এই কঠোর নিয়ম প্রবর্তন করা হয়। ওই ঘটনায় প্রেস্টিয়ানিকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল উয়েফা।

রেফারির এই নতুন নিয়ম প্রয়োগের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে এবিসি নেটওয়ার্কের ধারাভাষ্যকার হোর্হে ভেরা সরাসরি সম্প্রচারে তীব্র প্রতিক্রিয়া দেখান। তিনি রেফারি বার্টনকে ‘চোর’ আখ্যা দিয়ে বলেন, ‘তোমরা ফুটবলকে মেরে ফেলেছ। এই অবস্থার জন্য ফিফা ও এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দায়ী।’ এ সময় তিনি দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজকেও ইনফান্তিনোর সঙ্গে ছবি তোলা কমিয়ে সাহসী হওয়ার আহ্বান জানান। আলমিরন কোনো তুর্কি খেলোয়াড়কে বর্ণবাদী মন্তব্য করতে পারেন না দাবি করে তিনি বিষয়টিকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেন।

লাইভ সম্প্রচারে এমন অপেশাদার আচরণের পর সমালোচনার মুখে পড়েন ভেরা। পরে তিনি ফিফার কাছে চিঠি দিয়ে নিজের মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চান। এক বিবৃতিতে এই ধারাভাষ্যকার জানান, রেফারির সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত থাকা সত্ত্বেও নিয়ন্ত্রণ হারানো তার ঠিক হয়নি। নিজের ভুল স্বীকার করে তিনি পরিবার, সহকর্মী ও দর্শকদের কাছেও দুঃখ প্রকাশ করেন। তবে তার এই ক্ষমাপ্রার্থনায় ফিফার সিদ্ধান্ত বদলায়নি। টুর্নামেন্টের বাকি সময়ের জন্য স্টেডিয়ামের ভেতরে বা বাইরে তার সংবাদ সংগ্রহের অনুমতি পুরোপুরি বাতিল করা হয়।

এদিকে ফিফার এই শাস্তিকে ‘অতিরিক্ত কঠোর’ আখ্যা দিয়ে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ভেরার কর্মস্থল প্যারাগুয়ের সম্প্রচারমাধ্যম এবিসি কার্ডিনাল। প্রতিষ্ঠানটির দাবি, প্রথম ভুলের জন্য পুরো টুর্নামেন্ট থেকে স্থায়ীভাবে কাউকে নিষিদ্ধ করা মাত্রাতিরিক্ত। ভেরা যেহেতু আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন এবং সংশোধনের চেষ্টা করেছেন, তাই তার দীর্ঘ পেশাদার জীবন বিবেচনা করে ফিফার একটি যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ সমাধানে আসা উচিত বলে মনে করে সম্প্রচারমাধ্যমটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com