1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাড়ি থেকে ১৬০ মুরগি ছিনতাইয়ের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গাড়ি থেকে মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর স্থানীয় এক ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত মো. শাকিল ফারহান মিয়া গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।

রোববার (১৫ মার্চ) রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

থানায় করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ মার্চ রাত প্রায় ১০টার দিকে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর এলাকায় প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেডের একটি মুরগিবাহী গাড়ি আটকানো হয়। অভিযোগ রয়েছে, শাকিল ফারহান মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক গাড়িটির গতিরোধ করে জোরপূর্বক প্রায় ১৬০টি লেয়ার মুরগি ছিনিয়ে নেয়।

এ সময় গাড়ির চালক ও হেলপারের কাছ থেকে দুটি মানিব্যাগ ও একটি মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে কোম্পানির সুপারভাইজার আশফাক ঘটনাস্থলে গেলে তার মোটরসাইকেলের চাবিও নিয়ে নেওয়া হয়।

পরে স্থানীয়দের মধ্যস্থতায় মোটরসাইকেলের চাবি ও একটি মোবাইল ফোন ফেরত দেওয়া হলেও ছিনতাই হওয়া মুরগিগুলো আর উদ্ধার করা যায়নি। এ ঘটনায় ১৩ মার্চ রাতে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দেয় প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রদল অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শাকিল ফারহান মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com