
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব মাহা সাংগ্রাইং পোয়ে (বৈসাবি) উদযাপনকে ঘিরে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজনের ঘোষণা দিয়েছে উৎসব উদযাপন পরিষদ। বুধবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী কয়েক সপ্তাহজুড়ে নানা সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া কর্মসূচির মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করা হবে। স্থানীয় জনগণসহ দেশ-বিদেশের পর্যটকদের অংশগ্রহণে উৎসবকে প্রাণবন্ত করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাংগ্রাইং উৎসবকে কেন্দ্র করে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যা আগামী ২৩ মার্চ শুরু হয়ে ৫ এপ্রিল পর্যন্ত চলবে। এ টুর্নামেন্টে বিভিন্ন দল অংশগ্রহণ করবে এবং যুবসমাজের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের বিশ্বাস।
মূল আয়োজন ১৩ এপ্রিল বর্ণাঢ্য সাংগ্রাইং র্যালি মধ্য দিয়ে শুরু হবে। যেখানে বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র ও সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে মারমা সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরা হবে। একই দিনে অনুষ্ঠিত হবে বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ পূজার আয়োজন। ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপনের সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি ঐতিহ্যবাহী পুরাতন রাজার মাঠে পিঠা তৈরির উৎসব অনুষ্ঠিত হবে। এ আয়োজনে স্থানীয় নারীদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের পাহাড়ি পিঠা প্রস্তুত ও প্রদর্শন করা হবে, যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। এছাড়া ১৫ ও ১৬ এপ্রিল রাজার মাঠে অনুষ্ঠিত হবে মৈত্রীময় পানি বর্ষণ (জলকেলি উৎসব), যা সাংগ্রাইয়ের অন্যতম প্রধান আকর্ষণ। এর পাশাপাশি লোকজ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও নাট্য পরিবেশন করবেন বলে জানিয়েছেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং মার্মা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উক্যসিং মার্মা, সহ-সভাপতি থুইসিংপ্রু লুবু, যুগ্ম সম্পাদক অংথোয়াইচিং মার্মা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাং মাং সিং মার্মা এবং নির্বাহী সদস্য উমেপ্রু ও ছাই ছাই টুটু সহ জেলা কর্মরত সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং মার্মা, সাধারণ সম্পাদক উক্যসিং মার্মা, সহ-সভাপতি থুইসিংপ্রু লুবু, যুগ্ম সম্পাদক অংথোয়াইচিং মার্মা, সাংস্কৃতিক সম্পাদক মাং মাং সিং মার্মা এবং নির্বাহী সদস্য উমেপ্রু ও ছাই ছাই টুটুসহ জেলা কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।