
নালিতাবাড়ী (শেরপুর) : ইউনিয়ন বিএনপি’র সভাপতি বনাম সাধারণ সম্পাদক দলের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
গত সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার সমশ্চুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ১নং পোড়াগাঁও ইউনিয়ন যুবদলের আয়োজনে ইউনিয়ন বিএনপি’র সভাপতি মজিবুর রহমান চৌধুরী বনাম সাধারণ সম্পাদক উমর ফারুক এ দুই দলের মাঝে খেলাটি অনুষ্ঠিত হয়।
পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনছারুল ইসলামের পরিচালনায় খেলায় ২-১ গোলে সাধারণ সম্পাদক দল বিজয়ী হয়। খেলায় পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি’র ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকগণ অংশ নেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান লিটন এবং সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আনোয়ার হোসেন। এছাড়াও খেলা আয়োজক কমিটির সেলিম মিয়া, শেখ ফরিদ ইসলাম বাবু, ওবায়দুল হক বাবু, রবিউল ইসলাম মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ঈদ উপলক্ষে মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে দূরে রাখতে ও খেলাধুলায় আগ্রহ বাড়াতে এই খেলার উদ্যোগ নেয়া হয়। প্রবীণ খেলোয়ারদের অংশগ্রহণে ঈদ পরবর্তী ব্যতিক্রমী এ ফুটবল খেলা শতশত দর্শক উপভোগ করেন।