
বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) জিনোম সিকোয়েন্সে ৮টি নতুন স্বতন্ত্র বৈশিষ্ট্য পেয়েছে শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।
রোববার (১৯ জুলাই) সংস্থাটির জিনোমিক রিসার্চ ল্যাব এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরে।
সংবাদ সম্মেলনে জিনোমিক রিসার্চ ল্যাব প্রধান সেলিম খান বলেন, আমরা ২১২ থেকে ৫২৩ পর্যন্ত ৮টি মিউটেশন পেয়েছি ইউনিক। এই মিউটেশনগুলো পৃথিবীর অন্য কোথাও ঘটেনি। আমাদের নজর রাখতে হবে আমরা আরও ইউনিক মিউটেশন পাই কি-না।
তিনি বলেন, ‘আমরা প্রত্যেকটি জিনোম সিকোয়েন্সে ‘ডি৬১৪জি’ করোনাভাইরাস স্ট্রেইনটি পেয়েছি। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে করোনাভাইরাস এরইমধ্যে তার জিনোমিক লেভেলে ৫৯০টি ও প্রোটিন লেভেলে ২৭৩টিরও বেশি পরিবর্তন ঘটিয়েছে। এগুলোর মধ্যে ৯৫ শতাংশ ক্ষেত্রে ‘ডি৬১৪-জি’ করোনাভাইরাস স্ট্রেইনটি সিকোয়েন্সিংয়ে শনাক্ত হয়েছে, যাকে আমরা বাংলাদেশে সংক্রমণের প্রধান কারণ হিসাবে বলছি’।
টিকার ক্ষেত্রে এই গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যখন কোনো মেডিসিন, ভ্যাকসিন ডিজাইন করবে, সব মিউটেশন মাথায় রেখে ডিজাইন করতে হবে।
‘ডি৬১৪-জি’ ধরনটি নিয়ে চীনের গবেষকরা বলছেন, করোনাভাইরাসে আক্রান্তদের দেহে যে অ্যান্টিবডি তৈরি হয়, তা পরবর্তীতে ভাইরাসের বিভিন্ন ধরনগুলোকে ঠেকাতে পারলেও ‘ডি৬১৪-জি’র ক্ষেত্রে অসহায় হয়ে পড়ে।
সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান দেশে করোনাভাইরাসে নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ের ভিত্তিতে বলেন, বাংলাদেশের ভাইরাসটি ইতালির ভাইরাসটির সঙ্গে বেশি নিবিড়।
ইয়াফেস ওসমান বলেন, বিশ্বব্যাপী করোনার ভ্যাকসিন আবিষ্কারের যে গবেষণা হচ্ছে তাতে বাংলাদেশকে বিবেচনায় রাখা হবে, তা এখন নিশ্চিত হয়েছে। ব্রিটেন ও আমেরিকার সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা যে পরিমাণ সিকোয়েন্সিং ডাটা চেয়েছেন তা দিতে সক্ষম হয়েছি। এখন বলা যায় করোনার ভ্যাকসিন বাজারে এলে বাংলাদেশের জন্য কার্যকর কিছু আমরা পাবো।
দেশের সব বিভাগ থেকে সংক্রমণ হার ও জনসংখ্যার ভিত্তিতে তিন শতাধিক জিনোম সিকোয়েন্সিংয়ের উদ্যোগ নিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বিসিএসআইআর’র একটি গবেষণা দল সারাদেশ থেকে নমুনা ও রোগীর মেডিক্যাল হিস্টোরি সংগ্রহ এবং জিনোম সিকোয়েন্সিংয়ের কাজ অব্যাহত রেখেছে।
করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সের ডাটার ওপর ভিত্তি করে বিশ্বব্যাপী ৭৮টি ভ্যাকসিন প্রকল্প চালু আছে। আরও ৩৭টি চালু হবে। বাংলাদেশের ডাটাগুলো ‘গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা’ ডাটা প্রকাশ করেছে। ফলে যে কেউ চাইলে ভ্যাকসিন ডিজাইনের জন্য বাংলাদেশের ডাটা নিয়ে কাজ করতে পারবে।