
চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক প্রকাশ মাসুদ চৌধুরী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা। শনিবার (১৩ জুন) দুপুরে চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলি এলাকায় দুর্বৃত্তরা তাকে মাথায় গুলি করে হত্যা করে।
নিহত মাকসুদুলের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকায়। সে বেতাগী ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন চৌধুরীর ছোট ভাই ও মৃত খালেদ চৌধুরীর ছেলে। রাউজান থানার পুলিশ তার মরদেহ করে থানা হেফাজতে নিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা দেড়টার দিকে মাসুদুল হক বাজারের একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচ থেকে সাতজন অস্ত্রধারী এলাকাটিতে আসে। এরপর মাসুদুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে অটোরিকশা করেই ঘটনাস্থল ত্যাগ করে তারা। মাকসুদুলের মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলি লেগেছে। ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
এদিকে মাকসুদুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা কাপ্তাই সড়ক অবরোধ করে রাখে। পাশাপাশি পাহাড়তলিতে বিক্ষোভ মিছিল করে। একইভাবে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে টায়ার জালিয়ে এবং ড্রাম ফেলে অবরোধ করে বিক্ষোভ করছে। উপজেলার প্রত্যন্ত এলাকায় দলীয় নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
জানতে চাইলে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়াত হোসেন , ‘সন্ত্রাসীদের গুলিতে রাঙ্গুনিয়ার বেতাগীর স্বপন চেয়ারম্যানের ছোট ভাই নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে এসে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। এ ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।’