
বাংলার কাগজ ডেস্ক: টানা ভারী বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধসের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘরের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (৮ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের পূর্বভাগ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকার বুধবার ভোর থেকে টানা বৃষ্টিপাতের একপর্যায়ে পূর্বভাগ গ্রামের ময়না মিয়ার বাড়ির পাশের টিলার একটি অংশ ধসে পড়ে। এতে বাড়িটির নিচের মাটি সরে যায় এবং গার্ডওয়াল ভেঙে পড়ে। পাশাপাশি বাথরুমসহ বাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে মূল বসতঘর অক্ষত থাকায় পরিবারের সদস্যরা সেখানেই অবস্থান করছেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. খলকুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত বাড়িটি রাস্তার পাশে এবং টিলার তলদেশ ঘেঁষে অবস্থিত। প্রায় ১৫ ফুট উঁচু স্থানে নির্মিত পুরোনো বাড়িটির গার্ডওয়াল ধসে নিচে নেমে যাওয়ায় পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি পাহাড় ও টিলার পাশে বসবাসকারী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম বলেন, লক্ষণাবন্দ ইউনিয়নের পূর্বভাগ এলাকায় টিলা ধসের ঘটনা ঘটেছে। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। টিলাধসে কেউ হতাহত হয়নি।